হাদি হত্যাচেষ্টা নিয়ে মন্তব্য: সিইসির কাছে ব্যাখ্যা চান জামায়াত আমির
উত্তরদক্ষিণ। সোমবার (১৫ ডিসেম্বর) ২০২৫, আপডেট ২৩:০০
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর হামলা ঘটনা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন যে মন্তব্য করেছেন, সেটার ব্যাখ্যা দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
জামায়াত আমির বলেছেন, সিইসির ব্যাখ্যায় যদি ক্ষোভ দূর না হয়, তাহলে এ জাতি নিজেদের মতো করে সিদ্ধান্ত নেবে।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে জাতীয় প্রেস ক্লাবে দলটির ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে মহান বিজয় দিবস আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বাংলাদেশ এই কয়টা দিন যাদের নিয়ন্ত্রণে চলবে, সেই নির্বাচন কমিশনের প্রধান, তিনি একটি বক্তব্য রেখেছেন, যা আমি বিশ্বাস করি, আমার মতো সমস্ত মানুষকে আহত করেছে। তার উদ্দেশ্য দেখা আমাদের দায়িত্ব নয়, বক্তব্যের বিষয় জাতির সামনে এসেছে। জাতি তার এই বক্তব্য মোটেও ভালোভাবে নেয়নি।”
শুক্রবার ঢাকার বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন হাদি। চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়।
গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর সোমবার তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে।
এদিন সকালে গুলশানের এক অনুষ্ঠানে হাদির ওপর হামলাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে মন্তব্য করেন সিইসি এএমএম নাসির উদ্দিন।
তিনি বলেন, “আইনশৃঙ্খলার অবনতি হলো কোথায়? একটু মাঝেমধ্যে দুই একটা খুন-খারাবি হয়। এই যে হাদীর একটা ঘটনা হয়েছে। আমরা এগুলা বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এ ধরনের ঘটনা তো সবসময় ছিল।”
এরই মধ্যে সিইসির এ মন্তব্যের সমালোচনা করেছেন কেউ কেউ। সিইসিকে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।
এ ধরনের মন্তব্য করায় সিইসির পদে থাকার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
এরই ধারাবাহিকতায় সিইসির মন্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াতের আমির শফিকুর রহমান।
ইউডি/এবি

