‘প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় সরকারের একটা অংশের সংশ্লিষ্টতা রয়েছে’

‘প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় সরকারের একটা অংশের সংশ্লিষ্টতা রয়েছে’

উত্তরদক্ষিণ। সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, আপডেট ২০:

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে হামলার ঘটনায় সরকারের একটি অংশের সংশ্লিষ্টতা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সমাজকে দীর্ঘদিন ধরেই এমন ঘটনা মেনে নেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ‘মব ভায়োলেন্সের কবলে বাংলাদেশ’ শীর্ষক এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, এটির পেছনে রাজনৈতিক মদদও ছিল। এই তিনটি ঘটনা যদি একসঙ্গে না ঘটত, তাহলে সেদিন রাতে এতটা দুঃসাহসী হামলা সম্ভব হতো না। সেখানে হাজার হাজার মানুষ যায়নি। পুরো ঘটনাটিই ছিল পরিকল্পিত।

তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি জুলাই অভ্যুত্থানকে ছোট করতে “মব ভায়োলেন্স” বা “মবোক্রেসি” শব্দগুলো ব্যবহার করত বলে আগে আমি এর সঙ্গে একমত ছিলাম না। কিন্তু বর্তমানে যা ঘটছে, তাকে মব ভায়োলেন্স বলা যায় না; এটি সম্পূর্ণভাবে পরিকল্পিত অপরাধ। এর উদ্দেশ্য দেশের রাজনীতি ও নির্বাচন ব্যবস্থাকে অস্থিতিশীল করা।

তিনি অভিযোগ করেন, শরিফ ওসমান হাদির মৃত্যুকে ঢাল হিসেবে ব্যবহার করে একটি গোষ্ঠী প্রথম আলো, দ্য ডেইলি স্টার ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর হামলা চালিয়েছে।

নাহিদ বলেন,আরও দুর্ভাগ্যজনক বিষয় হলো, যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা জুলাই গণঅভ্যুত্থানের স্লোগান ও হাদির নাম ব্যবহার করে প্রথম আলো, দ্য ডেইলি স্টারসহ অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। জুলাই গণঅভ্যুত্থানের নামে মিডিয়ার ওপর আক্রমণ বা প্রতিষ্ঠান ভাঙচুর কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যারা এর পক্ষে সম্মতি তৈরি করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে।

নাহিদ আরও বলেন, শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর আসতে পারে, এটি তারা সবাই জানতেন। তবে এরপর বাংলাদেশে পরিস্থিতিকে প্রভাবিত করার জন্য একটি ষড়যন্ত্র আগেই প্রস্তুত করা হয়েছিল। হামলার রাতে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলতে না পারায় নিজের অসহায়ত্বের কথাও জানান নাহিদ। বলেন, ‘এক্ষেত্রে সবাই কোনো না কোনোভাবে দায় বহন করেন, বিশেষ করে যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন। আমাদের নিশ্চিত করতে হবে, কোনোভাবেই যেন এ ধরনের সহিংসতার সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের নাম যুক্ত না হয়।’

হামলার সুষ্ঠু তদন্ত ও জবাবদিহির আহ্বান জানিয়ে নাহিদ বলেন, কারা এই ঘটনাগুলো ঘটিয়েছে, তা খুবই স্পষ্ট। তারা সেখানে গিয়ে অপরাধ করেছে। সরকারকে অবশ্যই একটি নিরপেক্ষ তদন্ত পরিচালনা করতে হবে এবং দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। প্রকাশ্য দিবালোকে যারা হাদিকে গুলি করেছে, তাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading