বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
উত্তরদক্ষিণ। বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, আপডেট ২৩:৫০
বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
বুধবার (১৪ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র ফক্স নিউজকে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।
আগামী ২১ জানুয়ারি থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে।মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ স্মারকলিপির উদ্ধৃতি দিয়ে ফক্স নিউজ জানিয়েছে, দূতাবাসগুলোকে বিদ্যমান আইনের আওতায় ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে।
আমেরিকা জন্য বোঝা হতে পারেন এমন সম্ভাব্য অভিবাসীদের প্রবেশ ঠেকাতে এবং দেশটির জনকল্যাণমূলক সুবিধার অপব্যবহার রোধে এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
তালিকার দেশগুলো থেকে অভিবাসন প্রক্রিয়া ততক্ষণ স্থগিত থাকবে যতক্ষণ না পররাষ্ট্র দপ্তর তাদের বর্তমান প্রক্রিয়াগুলো পুনর্মূল্যায়ন শেষ করছে।স্থগিতাদেশের আওতায় থাকা দেশগুলোর তালিকায় দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও ভুটান ছাড়াও রাশিয়া, ইরান, আফগানিস্তান, ব্রাজিল ও নাইজেরিয়ার মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলো রয়েছে।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে জানান, আমেরিকান জনগণের উদারতার অপব্যবহার রোধ করতেই এই পদক্ষেপ। তবে এই পুনর্মূল্যায়ন প্রক্রিয়া শেষ হতে ঠিক কতদিন সময় লাগবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।সূত্র : ফক্স নিউজ
ইউডি/এআর

