মেসি বিশ্বকাপ খেলবেন কি–না, যা বললেন মায়ামির কোচ
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১২:০
গত রবিবার (১ ফেব্রুয়ারি) প্রাক্-মৌসুমের আরেকটি প্রীতি ম্যাচ খেলতে নেমে কলম্বিয়ার আতলেতিকো নাসিওনালকে (মেদেলিন) ২–১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের (এমএলএস) শিরোপা ধরে রাখার প্রস্তুতির অংশ হিসেবেই এই ম্যাচটি খেলেছে তারা। ম্যাচের বড় আকর্ষণ লিওনেল মেসি এদিন শুরু থেকেই খেলেন এবং দ্বিতীয়ার্ধে বদলি হয়ে উঠে যাওয়ার সময় দাঁড়িয়ে করতালিতে বিদায় নেন। ম্যাচের পর আসন্ন বিশ্বকাপে মেসির সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে কথা বলেন মায়ামির কোচ হাভিয়ের মাশচেরানো।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইন্টার মায়ামি কোচ মাশ্চেরানোকে জিজ্ঞেস করা হয়, আমেরিকা, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে তিনি মেসিকে দেখছেন কি না। উত্তরে এই আর্জেন্টাইন ছিলেন বেশ দৃঢ়, ‘হ্যাঁ, কেন নয়?’
মাশচেরানো কার্যত লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনা দলে মেসির উপস্থিতির ইঙ্গিত দেন। তিনি বলেন, ‘আর্জেন্টিনা দল বিষয়টি সেরা উপায়েই মোকাবিলা করবে, কারণ তারা দীর্ঘদিন ধরেই দারুণভাবে প্রতিদ্বন্দ্বিতা করে আসছে। তাদের অসাধারণ খেলোয়াড় রয়েছে। আর একজন আর্জেন্টাইন হিসেবে আমি অবশ্যই চাই আমাদের জাতীয় দল ভালো করুক।’
২০১৪ বিশ্বকাপের রানার্স-আপ মাশচেরানো আরও বলেন, ‘লিও থাকায় আমরা দক্ষিণ আমেরিকায় এ ধরনের ট্যুর করতে পারি। প্রথমত, ক্রীড়াগত দিক থেকে কলম্বিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে, তাদের মাঠে, এমন পরিবেশে খেলার অভিজ্ঞতা পাওয়া যায়, যা আমরা সাধারণত পাই না।’
তিনি যোগ করেন, ‘এতে ইন্টার মায়ামি ব্র্যান্ডটি বিশ্বজুড়ে আরও ছড়িয়ে পড়ছে। ক্লাবটির বয়স মাত্র ছয় বছর, অথচ তারা যেখানে যায় সেখানেই এত জার্সি দেখা যায়, এত আনন্দ তৈরি হয় এবং এত মানুষ দলটিকে অনুসরণ করতে শুরু করে—এটা খুবই গুরুত্বপূর্ণ। স্পষ্টতই, লিও এখানে খেলতে রাজি না হলে এটা সম্ভব হতো না।’
এই আর্জেন্টাইন প্রাক মৌসুমে নিজেদের লক্ষ্যের কথাও জানান, ‘আমরা প্রতিবারই আরও ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করছি, আর আজ সেটাই করতে পেরেছি। এই প্রাক্-মৌসুমের লক্ষ্য হলো লিগ শুরুর সময় নিজেদের সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় পৌঁছানো। আমাদের দলে যে খেলোয়াড়রা আছে, তাদের কারণে আমরা এ ধরনের জায়গায় খেলতে পারছি এবং মানুষও আমাদের খেলা উপভোগ করছে, ফলে ক্লাবের সমর্থকসংখ্যা আরও বাড়ছে।’
তিনি শেষ করেন এই বলে, ‘লিওনেল মেসির মতো একজন খেলোয়াড় থাকাই এই সুবিধা দেয়—তিনি যেখানে যান, সেখানেই আবেগের জোয়ার তুলে দেন।’
লিওনেল মেসির পাশাপাশি এই প্রীতি ম্যাচে ইন্টার মায়ামির হয়ে খেলেন আরও কয়েকজন আর্জেন্টাইন ফুটবলার—ফাকুন্দো মুরা, দাভিদ আয়ালা, রদ্রিগো দে পল, মাতেও সিলভেত্তি ও গনসালো লুহান। লুইস সুয়ারেজ ও এলকিন রিভেরোর আত্মঘাতী গোলে ২–১ ব্যবধানে ম্যাচটি জেতে ইন্টার মায়ামি।
ইউডি/রেজা

