ভোটের পর হাদি হত্যার বিচার না হলে জীবন জাহান্নাম বানিয়ে দেয়ার হুঁশিয়ারি
উত্তরদক্ষিণ। শুক্রবার , ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২২:৩০
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত হতে যাওয়া নতুন সরকার যদি শরীফ ওসমান হাদির হত্যার বিচার না করে, তবে তাদের ‘জীবন জাহান্নাম’ বানিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।জাবের বলেন, আমরা আমাদের এক ভাইকে (হাদি) হারিয়েছি।
এরপর আমাদের আর কোনো ভাইকে হারালেও নির্বাচন ১২ তারিখে হইতে হবে। নির্বাচন পেছানো যাবে না।
তবে নির্বাচনের পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তারা যদি হাদি হত্যার ব্যাপারে পদক্ষেপ না নেয়, আমরা শুধু বলি ব্যাপারটা এমন ‘আমরা তাদের জীবনকে জাহান্নাম বানাই দেব’ বলছি।
তাদের জীবনকে জাহান্নাম বানাই দেব।এছাড়া, শুক্রবার পুলিশের সঙ্গে সংঘর্ষের যে ঘটনা এ নিয়ে আব্দুল্লাহ আল জাবের বলেন, ফ্যাসিবাদী আমলের পুলিশ লীগ আবার নতুন করে মাথা চাড়া দিচ্ছে, আমাদের ওপর যখন হামলা হয়েছে, তখন সবাই নেমপ্লেট খুলে ফেলেছে।
ইনকিলাব মঞ্চের এমন কোনো কর্মী নাই, আজকে আহত হয়নি।এদিকে, ইনকিলাব মঞ্চের দাবি অনুযায়ী হাদি হত্যার ঘটনা তদন্তে ৮ তারিখের মধ্যে জাতিসংঘের সংশ্লিষ্ট শাখায় চিঠি পাঠাবে বলে জানিয়েছে সরকার।
সেই চিঠিতে কী লেখা হবে, তা দেখতে চাওয়ার দাবি তুলেছে সংগঠনটি। এজন্য ৮ তারিখ পর্যন্ত নেতাকর্মীদের ধৈর্য ধরতে বললেন।
এ সময় তারা স্পষ্ট করেন, তারা কেবল স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত চান, যা জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত হবে।
ইউডি/এআর

