বাংলাদেশ-আমেরিকা বাণিজ্য চুক্তি: শুল্ক আরও কমাুর আশা
উত্তরদক্ষিণ। রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১০
আমেরিকার সঙ্গে আসন্ন বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের পণ্যে আরোপিত শুল্ক আরও কমবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আলোচনার মাধ্যমে পাল্টা শুল্ক কমানোর চেষ্টা চলছে, বিশেষ করে দেশের প্রধান রপ্তানি পণ্য গার্মেন্টস খাতে শুল্ক শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
উপদেষ্টা বলেন, ‘আমাদের ওপরে (আমেরিকা রপ্তানিতে) ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল, যেটা আমরা আলোচনা করে ২০ শতাংশে নামিয়েছিলাম, যদি আমাদের এই চুক্তিটা প্রকাশিত না হতো আমার নিশ্চিত বিশ্বাস যে আমরা ২০ শতাংশের চেয়েও কম পেতাম।
দুঃখজনকভাবে আমরা ওখানে বিব্রত হয়েছি। বাংলাদেশই একমাত্র দেশ যেখান থেকে চুক্তির শর্তাবলী সারা দুনিয়াতে প্রকাশিত হয়েছে।
তিনি বলেন, ‘আগামী ৯ তারিখে (ফেব্রুয়ারি) যে চুক্তি হবে, আমরা চেষ্টা করছিলাম শুল্ক আরও কত কমানো যায়। কতটুকু কমবে আমি এই মুহূর্তে বলতে পারছি না বা চাচ্ছি না।
আমরা আলোচনার ভিত্তিতে দেখব। আমরা ওভারঅল শুল্ক কমানোর চিন্তা করছি তা নয়, আমাদের প্রচেষ্টা রয়েছে আমাদের যে মূল পণ্য গার্মেন্টস- এই জায়গায় যেন আমাদের শুল্ক শূন্য হয়। আমরা সেই প্রচেষ্টায় এখনো রত রয়েছি।’
শেখ বশিরউদ্দীন বলেন, ‘আমেরিকা এক লাখ কোটি টাকার রপ্তানি সম্ভাবনা রয়েছে। এটা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাগুলো কাজে লাগাতে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’
ইউডি/এআর

