একাই ৩ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া কে এই ফরিদুল ইসলাম?
উত্তরদক্ষিণ। মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৯:৪০
বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম সরকারের গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি।
দীর্ঘ দেড় যুগ ধরে এলাকার মানুষের পাশে থাকা এবং পরিবেশ আন্দোলনে সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এই গুরুভার দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে মোংলা-রামপালের আপামর মানুষের পাশে ছিলেন।
তিনি ব্যক্তিগতভাবে সব শ্রেণিপেশার মানুষকে বিভিন্ন সহায়তা দিয়ে আসছেন। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোংলা-রামপাল সংসদীয় আসনে বিপুল ভোট পেয়ে তিনি এমপি নির্বাচিত হন।
মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি বলেন, আমরা প্রত্যাশার চেয়ে অনেক বেশি কিছু পেয়েছি। কারণ লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম রাজনীতিকের পাশাপাশি একজন পরিবেশবিদ।
আমরা প্রত্যাশা করেছিলাম তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। কিন্তু আমরা ভাগ্যবান, চেয়েছি একটা পেয়েছি তিনটা।
তিনি আরও বলেন, আমরা মোংলা-রামপালবাসী বিপুল ভোটে বিএনপির প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামকে জয়ী করে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করেছি।
আর আমাদের নেতা তারেক রহমানও আমাদের জয়ী নেতাকে যথাযথ মূল্যায়ন ও আস্থা স্বরূপ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন।
আমরা মোংলা-রামপালবাসী আমাদের নেতা, দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
ইউডি/এআর

