মনোনয়নবঞ্চিত সেই হাজী ইয়াছিন এখন মন্ত্রী
উত্তরদক্ষিণ। মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২০:০০
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও শেষ পর্যন্ত মন্ত্রিসভায় স্থান পেয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাজি আমিনুর রশীদ ইয়াছিন। তাকে টেকনোক্রেট মন্ত্রী করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন তিনি।
জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (সদর) আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করলেও তা পাননি হাজি আমিনুর রশীদ ইয়াছিন।
পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিলেও দলের চেয়ারম্যানের আহ্বানে তিনি সরে দাঁড়ান। এ সময় তাকে কুমিল্লা দক্ষিণ জেলার নির্বাচনী সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়।
দলীয় সূত্র জানায়, দায়িত্ব পালনের মাধ্যমে পাঁচটি আসনে দলীয় প্রার্থীদের বিজয়ে ভূমিকা রাখায় দলের হাইকমান্ড তার প্রতি সন্তুষ্ট হয়।
আমিনুর রশীদ ইয়াছিন কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তিনি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে কুমিল্লা-৬ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও বিজয়ী হতে পারেননি।
ইউডি/এআর

