রাষ্ট্রের তিন স্তম্ভকে সোজা রাখার ভ্যানগার্ড হলো সংবাদমাধ্যম: জামায়াত আমির

রাষ্ট্রের তিন স্তম্ভকে সোজা রাখার ভ্যানগার্ড হলো সংবাদমাধ্যম: জামায়াত আমির

উত্তরদক্ষিণ। শনিবার, ১৪ মার্চ, ২০২৬, আপডেট ১৯:৩৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংবাদমাধ্যম হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং এটি বাকি তিনটি স্তম্ভকে সোজা রাখার ‘ভ্যানগার্ড’ হিসেবে কাজ করে।

তিনি বলেন, যদি এই অঙ্গটি সঠিকভাবে কাজ করে, তবে রাষ্ট্রের বাকি তিনটি সাংবিধানিক অঙ্গ সোজা পথে চলতে বাধ্য হবে।

শনিবার (১৪ মার্চ) সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের শাসন আমলের সমালোচনা করে জামায়াত আমির বলেন, ‘গত সাড়ে ১৫ বছরে আমরা ফ্যাসিবাদের কবলে পড়ে সংবাদমাধ্যমের কাছে জাতির যে প্রত্যাশা ছিল, তা হারিয়ে ফেলেছিলাম। সাদাকে সাদা এবং কালোকে কালো বলার কণ্ঠগুলো স্তব্ধ করে দেয়ার চেষ্টা হয়েছিল। সেই সফলতার রেশ যেন এখনও মাঝে মাঝে অনুভূত হয়। আমরা ফ্যাসিবাদ থেকে আংশিক নয়, বরং পূর্ণ মুক্তি চাই।’

প্রয়াত সাংবাদিক কাজী রুহুল আমিন গাজীর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি বলেন, ‘মরহুম রুহুল আমিন আজীবন সংবাদপত্রের স্বাধীনতা ও মানুষের অধিকারের পক্ষে লড়াই করেছেন। তাকেও নিগৃহীত হয়ে কারাগারে যেতে হয়েছিল।’

বিভিন্ন সময়ে সাংবাদিকদের ওপর চালানো হামলা ও নির্যাতনের কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, প্রকাশ্য দিবালোকে আদালত প্রাঙ্গণেও সম্পাদকদের ওপর রক্তাক্ত হামলা চালানো হয়েছে। সাংবাদিক শহীদুল আলম এবং কবি ফরহাদ মজহারের প্রসঙ্গ টেনে তিনি সংবাদমাধ্যমের ওপর দমন-পীড়নের চিত্র তুলে ধরেন।

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী একটি ঐক্যবদ্ধ জাতি দেখতে চায় এবং জাতীয় স্বার্থে কোনো আপস করবে না। সরকারি দল যদি সঠিক পথ থেকে বিচ্যুত হয়, তবে আমরা তাদের সোজা পথে আনার চেষ্টা করব। প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলা হবে।’

পরিশেষে তিনি এমন একটি বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন, যেখানে আর কখনও ফ্যাসিবাদ ফিরে আসবে না এবং দেশ কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করবে না।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading