ঈদের আগে স্বর্ণের দামে বড় পতন
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, আপডেট ১২:৩০
ঈদুল ফিতরের আগে দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এবার ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন এই দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৪৩ হাজার ১৯ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ৮ হাজার ৩১৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা।এর আগে গত ১৪ মার্চও স্বর্ণের দাম কমানো হয়েছিল।
সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৪৪ বার স্বর্ণের দামে সমন্বয় করা হয়েছে।
এর মধ্যে ২৬ দফা দাম বেড়েছে এবং ১৮ দফা কমেছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।
ইউডি/এআর

