পাকিস্তানে ভবন ধসে ১৩ জনের মৃত্যু
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, আপডেট ১২:০০
পাকিস্তানের করাচি শহরে প্রবল বৃষ্টি ও বজ্রঝড়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বালদিয়া টাউনে একটি জরাজীর্ণ ভবনের অংশ ধসে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন।
বুধবার (১৮ মার্চ) রাতে শহরের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির সময় এসব দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বালদিয়া টাউনের সাজ্জান গোঠ এলাকায় ভবনের দেয়াল ধসে বহু মানুষ হতাহত হন।
আহতদের করাচি সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।সৈয়দ মুরাদ আলী শাহ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে দ্রুত উদ্ধার ও সহায়তা কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন।
উদ্ধারকারী সংস্থার তথ্য অনুযায়ী, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে, এবং তাদের উদ্ধারে অভিযান চলছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতরা বৃষ্টির হাত থেকে বাঁচতে ওই জরাজীর্ণ ভবনে আশ্রয় নিয়েছিলেন।এছাড়া শহরের বিভিন্ন এলাকায় পৃথক দুর্ঘটনায় আরও কয়েকজনের মৃত্যু হয়েছে।
কোরঙ্গী এলাকায় গাছ উপড়ে পড়ে এক ব্যক্তি নিহত হন, ক্লিফটনে গাছ পড়ে এক নারী মারা যান এবং দুজন আহত হন। অন্যদিকে বজ্রপাত ও দেয়াল ধসের ঘটনাতেও প্রাণহানির খবর পাওয়া গেছে।
সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া লাঞ্জার এবং করাচির মেয়র মুর্তজা ওয়াহাব দুর্ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার তৎপরতা জোরদারের নির্দেশ দিয়েছেন।উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, শহরজুড়ে বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।
ইউডি/এআর

