শরনখোলায় নসিমন চাপায় সৌদি প্রবাসী নিহত
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬, আপডেট ১১:৫৭
বাগেরহাটের শরণখোলায় নসিমনের চাপায় মো. সুজন মোল্লা (৪০) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৭টার দিকে উপজেলার ছুটুখার বাজার সংলগ্ন কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শরনখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
সুজন মোল্লার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি মা-বাবা স্ত্রী, আট বছর বয়সী এক কন্যাসন্তানসহ অসংখ্য স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
সুজন মোল্লা উপজেলার উত্তর রাজাপুর এলাকার বাসিন্দা হানিফ মোল্লার বড় ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন। প্রায় তিন মাস আগে দেশে ফিরে এসে গাছের ব্যবসা শুরু করেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে গাছ বিক্রি শেষে নিজ নসিমনযোগে বাড়ি ফিরছিলেন সুজন মোল্লা। পথে ছুটুখার বাজার সংলগ্ন কালভার্ট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনের চাপায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইউডি/কেএস

