সতর্ক ফিফা, ফ্রান্স-মরক্কো ম্যাচে ‘ডাবল’ ভিএআর
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (০৯ জুলাই) ২০২৬, আপডেট ২৩:০০
বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ২টায় বোস্টনে ফ্রান্স ও মরক্কো মুখোমুখি হবে। ওই ম্যাচে সতর্কতার অংশ হিসেবে ‘ডাবল’ ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) সিস্টেমে যাচ্ছে ফিফা। যার নাম দেওয়া হয়েছে ‘এভিএআর’ বা অ্যাসিস্ট্যান্ট ভিডিও অ্যাসিস্ট্যাান্ট রেফারি।
স্পেনের সংবাদ মাধ্যম মুন্ডো দেপর্তিভো দিয়েছে এই খবর। সংবাদ মাধ্যমটির মতে, ফিফার ভিএআর প্রোটোকল মেনে বোস্টন স্টেডিয়ামে বসানো হবে এভিএআর। যা পরিচালনার দায়িত্বে থাকবেন উরুগুয়ের রেফারি লিওদান গঞ্জালেস। যদি কোন কারণে তিনি দায়িত্ব পালন করতে না পারেন (অসুস্থতা বা অন্য কারণে) সেজন্য তার সহকারী হিসেবে নিকারাগুয়ার তাতিয়ানা গুজম্যানকে রাখা হয়েছে।
এখন প্রশ্ন হচ্ছে, ভিএআর থাকতে কেনো আবার এভিএআর। ব্যাখ্যায় মুন্ডো দেপর্তিভো জানিয়েছে, বিশ্বকাপের ম্যাচ পরিচালনার জন্য ব্যবহৃত ভিএআর বা ভিওআর (ভিডিও অপারেশন রুম) সেট করা হয়েছে ডালাসের ইন্টারন্যাশনাল ব্রডকাস্ট সেন্টারে (আইবিসি)। এখন কোন কারণে আইবিসি থেকে যদি ভিএআর পরিচালনা সম্ভব না হয় বা ত্রুটি দেখা যায়, সেক্ষেত্রে কী হবে। সেজন্য ফিফা সতর্কতার অংশ হিসেবে এভিএআর এর ব্যবস্থা রেখেছে।
কোন কারণে আইবিসি সেন্টারের সঙ্গে যোগাযোগ বিঘ্ন হলে বা প্রযুক্তিগত ত্রুটি দেখা দিলে এভিএআর মাঠে থাকা রেফারিকে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবেন। ফিফার নিয়ম অনুযায়ী, ভিএআর ত্রুটির কারণে কোনভাবেই ম্যাচ বন্ধ রাখা যাবে না। আবার আধুনিক ফুটবলে ভিএআর ছাড়া ম্যাচ পরিচালনাও অসম্ভব হয়ে উঠেছে। যে কারণে ফিফা বিকল্প ব্যবস্থা হাতে রাখার সিদ্ধান্ত নিয়েছে।
ইউডি/এবি

