কেমন কাটবে ২০২০ সাল

কেমন কাটবে ২০২০ সাল

উত্তরদক্ষিণ অনলাইন । ৩১ ডিসেম্বর ২০১৯ । আপডেট ১০:৪০

নিজের ভাগ্য নিজেই নিয়ন্ত্রণ করা যায় শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা ফেট বা নিয়তি। ২০২০ সাল সমাগত। রাশি দিয়ে আমাদের জীবনের ভালো-মন্দ দিক জানা যায় তেমনি জানা সম্ভব আপনার ভবিষ্যৎ কেমন হবে । আর সেগুলো আমাদের জীবনকে প্রভাবিত করে । তাহলে আসুন জেনে নেওয়া যাক ২০২০ সাল টি কেমন যাবে …….

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) : ২০২০ সাল মেষ রাশির জন্য খুবই ভাল প্রমাণিত হবে। এই বছর আপনার অর্থ ভাগ্য থাকবে তুঙ্গে। সব রকম আর্থিক সুবিধা মেষ রাশির জাতক-জাতিকারা পেতে পারেন। বছরের প্রথম দিকেই অর্থ লাভের আশা করা যেতে পারে। ভাগ্য এ বছর আপনার সহায় হবেই হবে। ব্যবসায় উন্নতি হওয়ার যোগ প্রবল। চাকরি পরিবর্তন হতে পারে। আরও ভাল চাকরির সম্ভাবনা দেখা যাচ্ছে। আয় বৃদ্ধি পাবে। এই বছর বেশির ভাগ সময় ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত থাকবেন। ঈশ্বর ও গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধা বাড়বে। বিদ্যার্থীরা দূরে গিয়ে পড়াশোনা করার সুযোগ পেতে পারেন। বিজ্ঞান বিভাগের পড়াশোনায় বেশি জোর দেওয়া যেতে পারে। মেষ রাশির জাতক-জাতিকারা এ বছর সমাজ ও কর্মক্ষেত্রে সম্মানিত হতে পারেন। মনের জোর থাকবে প্রবল। অনেক দিন ধরে যাঁরা কাজের চেষ্টা করছেন, তাঁদের জন্য এই বছর শুভ কিছু হতে পারে। প্রেম বা বিবাহিত জীবন দুটোই খুব ভাল কাটবে। তবে বিবাহিত জীবনে একটু সাবধানতা প্রয়োজন। প্রেম প্রণয়ের ক্ষেত্রেও এই বছরটা ভাল বলেই প্রমানিত হবে। বছরের মাঝামাঝি বা শেষে বাড়িতে মাঙ্গলিক কাজ হতে পারে। তবে বিশেষ ভাবে মা-বাবার শরীরের যত্ন নিতে হবে। হঠকারিতা বা আবেগপ্রবণ হয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে) : ২০২০ সাল দারুন ভাবে শুরু হবে বৃষ রাশির জন্য। প্রায় সব দিকে শুভ যোগ দেখা যাচ্ছে বৃষ রাশির জন্য। যে কোনও শুভ যোগাযোগ সম্পূর্ণ রূপ নেবে এই বছরে। ২০২০ সালে অধিকাংশ কাজে সাফল্য আসবে এই রাশির। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। কর্মসূত্রে ভ্রমণ হতে পারে। এঁরা কর্মস্থানে সাহসী বা উদ্যমী থাকবেন এ বছর। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা দারুন সাফল্য পাবেন। লেখা, সাংবাদিকতার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের বিশেষ শুভ যোগ রয়েছে। অভিনয়, সঙ্গীত ও কলা বিভাগের সঙ্গে যুক্তদের নানা সুযোগ আসতে পারে। এ বছর গুরুজনদের সঙ্গে খুবই সদ্ভাব বজায় থাকবে। গুরুজনদের সঙ্গে তীর্থ ভ্রমণ হতে পারে। ছাত্রছাত্রীরা শিক্ষকদের কাছ থেকে নানা ভাবে সাহায্য পাবে। বিবাহের জন্য বৃষ রাশির এই বছরটা খুব ভাল। বিবাহ বা প্রণয়ের ক্ষেত্রে এই বছর খুব শুভ বলে মনে করা হচ্ছে। বন্ধুর সংখ্যা যেমন বৃদ্ধি পাবে, একই সঙ্গে খুব ভাল বন্ধুর সান্নিধ্য মিলবে। কোনও ভাবে বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। তবে যদি বিদেশে যাওয়ার সুযোগ আসে, তা হাতছাড়া না করাই বুদ্ধিমানের কাজ হবে। কর্মে নতুন যোগাযোগ হতে পারে। নানা দিক থেকে আয় বৃদ্ধি পেতে পারে এ বছর। নতুন বাড়ি, গাড়ি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এ বছর। কাজের চাপ বাড়বে। নিয়মিত শরীরচর্চা বিশেষ ভাবে জরুরী। সততা বজায় রেখে চললে ২০২০ সাল খুব ভাল ভাবে কাটবে বৃষ রাশির।

মিথুন রাশি (২২ মে-২১ জুন) : মিথুন রাশির পক্ষে ২০২০ সাল কিছু ভাল কিছু মন্দ মিশিয়ে কাটবে। কর্মস্থানে বিশেষ কিছু সমস্যা হবে না, তবুও সাবধানতা অবলম্বন প্রয়োজন। ব্যবসা বছরের শুরুতে ভাল থাকলেও মধ্যভাগে সমস্যা সৃষ্টি হতে পারে। যৌথ ব্যবসার সিদ্ধান্ত এই বছর না নেওয়াই শ্রেয়। এই বছর যে কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভাল করে ভেবে দেখতে হবে। ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে বড় সমস্যা আসতে পারে। খরচ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। কারণে অকারণে খরচ হবে। শারীরিক দিকে বিশেষ ভাবে যত্ন নেওয়া প্রয়োজন। শরীর নিয়ে ভোগান্তি ও অর্থনাশ হতে পারে। শরীরে ছোটখাটো ব্যথা বৃদ্ধি পাবে। আয় এ বছর মধ্যম প্রকৃতির যাবে। পড়াশোনা নিয়ে একটু সতর্ক না হলে সমস্যা হতে পারে। উচ্চশিক্ষায় বাধা আসতে পারে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় আরও বেশি মনঃসংযোগ দরকার। তবে চাকরির পরীক্ষায় সাফল্য আসতে পারে। বিবাহিত জীবন সুখের হলেও হঠাৎ কোনও তৃতীয় ব্যক্তির জন্য শান্তি ভঙ্গ হতে পারে। খুব বুঝে নতুন প্রেমের দিকে পা বাড়াতে হবে। সম্বন্ধ করে বিবাহের জন্য এই বছরটা শুভ। যে কোনও বিষয়ে মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে পারেন বছরের শেষে। খাদ্যে রুচি বোধ বদলাতে পারে। সকলের সঙ্গে খু\ব বুঝে কথা বলতে হবে।

কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই) : কর্কট রাশির জাতক-জাতিকাদের ২০২০ সাল অত্যন্ত ভাল কাটবে বলে মনে করা হচ্ছে। শুভ যোগাযোগ তথা নানা কাজে শুভ ফল পাওয়ার আশা রাখতে পারেন এ বছরে। যাঁরা অনেক দিন ধরে আর্থিক সমস্যা ভোগ করছিলেন, তাঁদের জন্য এই নতুন বছরটা খুবই ভাল প্রমাণিত হবে। সমস্ত আর্থিক কষ্টের লাঘব হবে এবং আয় বৃদ্ধি হতেও দেখা যাবে। কর্মে পদোন্নতি এবং নতুন কর্মের যোগ তৈরি হবে এ বছর। দীর্ঘ দিন ধরে যাঁরা চাকরির অপেক্ষা করছেন, তাঁরাও এ বছর চাকরির আশা রাখতে পারেন। সরকারি কর্মচারীদের বিশেষ শুভ ফল প্রাপ্তি হবে। কর্কট রাশির মানুষরা যদি এ বছর কর্মের প্রতি একটু বেশি এনার্জি ব্যয় করেন, তা হলে ২০২০ সাল আপনাদের জন্য গোল্ডেন ইয়ার হতে চলেছে। ব্যবসার জন্যও এই বছরটি খুব উপযুক্ত। দীর্ঘ দিন ধরে যাঁরা অসুস্থ রয়েছেন, তাঁরা সম্পূর্ণ ভাবে সুস্থতার দিকে এগোবেন এ বছর। তবে যাঁরা সুস্থ, তাঁরা বিশেষ ভাবে শরীরের খেয়াল রাখুন। একটু হলেও শরীরে অলসতা আসতে পারে। নতুন বছর অর্থাৎ ২০২০ সাল কর্কট রাশির বিবাহের জন্যও খুব শুভ। যাঁরা নতুন সম্বন্ধ করতে চাইছেন, বা নতুন জীবনে প্রবেশ করতে চাইছেন, অথবা যাঁরা বিবাহের জন্য যোগাযোগ করছেন, তাঁদের সকলের ইচ্ছা পূরণ হবে এই নতুন বছরে। নতুন গৃহ যোগ খুব ভাল হবে কর্কট রাশির। যাঁরা বাসস্থান বদলাতে চাইছেন বা নতুন ফ্ল্যাট, বাড়ি বা জমি কিনতে চাইছেন, তাঁরা এই বছরেই স্বপ্ন পূরণ করতে পারবেন।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট) : সিংহ রাশির ক্ষেত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত ২০২০ সাল ভালই কাটবে। বৃহস্পতি নিজের ঘরে অবস্থানের ফলে গোটা বছর শুভাশুভ ফল প্রদান করবে। এই বছর সিংহ রাশির জাতক-জাতিকারা যে কোনও বিষয়ে তাঁদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন। এঁদের মেধা শক্তি থাকবে প্রবল। যাঁরা লেখাপড়ার সঙ্গে যুক্ত, তাঁদের জন্য বছরটা খুবই শুভ। প্রযুক্তি, ম্যানেজমেন্ট এমনকি যাঁরা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, তাঁরাও এ বছর তাঁদের ইচ্ছা পূরণ করার সুযোগ পেতে পারেন। নতুন চাকরি বা দূরে গিয়ে চাকরির যোগও রয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার চেষ্টায় এ বছর সাফল্য পাওয়ার আশা করা যেতে পারে। যে কোনও বিষয়ে চাকরির পরীক্ষায় এ বছর বসা যেতে পারে। সিংহ রাশির মানুষদের এ বছর ধর্মভাব থাকবে খুব বেশি। ধর্মের কাজে নিজেকে নিযুক্ত এবং আধ্যাত্মিকতায় মনোনিবেশ করবেন। সিংহ রাশির জাতকের দ্বারা এ বছর বহু মঙ্গলজনক কাজ হবে। ২০২০ সালে সিংহ রাশির বন্ধুত্বের ভাল যোগ রয়েছে। বন্ধুদের কাছ থেকে নানা ভাবে সাহায্য পাবেন সিংহ রাশির জাতক। নতুন বন্ধুর সংখ্যাও বাড়বে। গত বছর যাঁরা নিজেদের বা গুরুজনের শরীর নিয়ে ভুগেছিলেন, তাঁদের জন্য নতুন বছর খুব শুভ। এ বছর মায়ের শরীরের অবস্থার উন্নতি হবে এবং একই সঙ্গে নিজেদের স্বাস্থ্যও ভাল থাকবে। ছোটখাটো রোগ থেকে মুক্তি ঘটবে। ব্যবসায় উন্নতির যোগ থাকলেও বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এ ছাড়া ব্যবসায় স্থায়িত্ব বৃদ্ধি পাবে। যে কোনও ব্যবসায় অন্য বছরের তুলনায় এ বছর বেশি লাভবান হওয়ার আশা করা যেতে পারে। প্রেম বা বিবাহের জন্যও বছরটা খুব ভাল। সিংহ রাশির জাতক-জাতিকাদের প্রেম এ বছর আরও গভীর হবে। নতুন প্রেম যোগও রয়েছে। সিংহ রাশির সন্তান যোগও খুব শুভ।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ২০২০ সাল কন্যার জাতক-জাতিকার জন্য শুভ সম্ভাবনাময়। মার্চ মাসের পর থেকে অবিবাহিতদের বিয়ের ব্যাপারে যেকোনো উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। দাম্পত্যে ভুল বোঝাবুঝি কিছু থাকলে এ সময় থেকে তারও অবসান হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। বিদেশ যাত্রার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। কাউকে ধার-কর্য দেয়ার ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যথায় অর্থ ও সম্পর্ক নষ্ট হতে পারে। সামগ্রিকভাবে পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। উচ্চশিক্ষার্থে বিদেশযাত্রার প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। শরীর মোটামুটি ভালো থাকবে। তবে নারীদের কেউ কেউ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হতে পারেন। কোনো অসুস্থতাকে অবহেলা না করে প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : তুলা রাশির জাতক-জাতিকাদের এ বছর একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এ বছর কর্মে চাপ বৃদ্ধি পেতে পারে। কর্মস্থানে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। তবে তা দীর্ঘস্থায়ী হবে না। প্রমোশনের বিষয়ে চিন্তা বাড়তে পারে। কর্মে উপর মহলের চাপ আসতে পারে। তবে যাঁরা নতুন চাকরি প্রাপ্তির চেষ্টা করছেন, তাঁদের জন্য এ বছরটি শুভ। শরীর নিয়েও বিশেষ সতর্কতা প্রয়োজন। ছোটখাটো নানা সমস্যা দেখা দেবে। বয়স্কদের হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। শারীরিক কোনও সমস্যা হলে খুব তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। পড়াশোনার ক্ষেত্র তুলা রাশির খুব ভাল। উচ্চশিক্ষার ক্ষেত্রেও শুভ যোগ রয়েছে। তুলা রাশির এ বছর মানসিক চাপ থাকবে যথেষ্ট, কর্মে অতিরিক্ত চাপ এঁদের মানসিক অবস্থায় জটিলতার সৃষ্টি করবে। যাঁরা নতুন বিবাহিত জীবনে প্রবেশ করতে চাইছেন, তাঁদের জন্য নতুন বছর খুব শুভ ফল প্রদান করবে। যাঁরা দীর্ঘদিন ধরে বিবাহ বন্ধনে রয়েছেন বা নানা সমস্যার মধ্যে ছিলেন, তাঁদের জন্য এই বছরটা খুব ভাল ফল দেবে। এ সকল সমস্যার ধীরে ধীরে সমাধান হবে। যাঁরা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাঁদের এ বছর বিবাহ হওয়ার সম্ভবনা আছে। ২০২০ সালে তুলা রাশির মানুষদের দূরে কোথাও ভ্রমণ হতে পারে।  এই বছর তুলা রাশির মানুষরা আবেগপ্রবণ হয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না। খুব বুঝে যে কোনও সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই বছর সম্মান হানি হওয়ার যোগ রয়েছে। এ বছর তুলা রাশির কাজে বাধা থাকলেও হাল ছেড়ে দিলে চলবে না। কঠোর ভাবে লেগে থাকলে সাফল্য আসবেই। এ বছর অনেক মনস্কামনা পূরণ হতে পারে।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : ২০২০ সাল নতুন বছর বৃশ্চিক রাশির জন্য খুব শুভ বলে প্রমাণিত হবে। গত কয়েক বছর সময় খুব একটা ভাল চলছিল না, তবে এই নতুন বছর খুব শুভ সময় আসতে চলেছে। তবে এ বছর বৃশ্চিক রাশির মানুষদের শরীর নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। নানা রোগে ভোগান্তি হতে পারে। কোনও কোনও রোগ দীর্ঘস্থায়ী হতে পারে। বছরের মাঝামাঝি সময় থেকে আর্থিক দিক খুব ভাল হবে। অনেক দিন ধরে যাঁরা ভীষণ ভাবে অর্থ কষ্টে ভুগছিলেন, তাঁদের সুদিন ফিরবে। বৃশ্চিক রাশির মানুষদের পারিবারিক অশান্তি এ বছর অনেকটা মিটে যাবে। ভাইবোনদের সঙ্গে বিবাদ মিটে যাওয়ার সঙ্গে সঙ্গে পরিবারের সকল সম্পর্কের উন্নতি ঘটতে চলেছে ২০২০ সালে। তবে এ বছর বন্ধু সম্পর্কের মানুষরা হঠাৎ শত্রুতা করতে পারে। তা ছাড়া প্রতিবেশীদের সঙ্গেও খুব বুঝে মেলামেশা করতে হবে। নতুন বাড়ি কেনার প্রবল যোগ রয়েছে এ বছর। এ ছাড়া জমি, গাড়ি আরও অন্যান্য সম্পত্তি হতে পারে। ফেব্রুয়ারি মাসের পর নতুন কর্মের যোগ রয়েছে বা নতুন ব্যবসা শুরু করতে পারেন। সন্তানের ব্যাপারেও শুভ যোগ রয়েছে। যাঁরা অনেক দিন ধরে সন্তানের জন্য চেষ্টা করছিলেন, তাঁদের জন্য শুভ কিছু হতে পারে। সন্তানদের বিষয়ে শুভ খবর পাবেন এ বছর।বিবাহিত মেয়েদের শ্বশুরবাড়ি থেকে একটু সমস্যার সৃষ্টি হতে পারে। তবে সমস্যা খুব বড় আকার ধারণ করবে না। উচ্চশিক্ষার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের খুব ভাল সুযোগ আসবে। যাঁরা ম্যানেজমেন্ট ও ওকালতি করছেন তাঁদের খুব শুভ বছর ২০২০ সাল।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : ২০২০ সাল ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য মিশ্রিত ফল নিয়ে আসবে। গত বছর তাঁদের যেমন একটু খারাপ অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছিল, সে তুলনায় নতুন বছর খুব ভাল কাটবে। জানুয়ারি মাসের শেষের দিক থেকে নিজের এবং নিজের পরিবারের সকলের খুব ভাল ভাবে শারীরিক যত্ন নিতে হবে। খুব বড় কিছু না হলেও ছোটখাটো অসুস্থতা বৃদ্ধি পেতে পারে। গত বছরের তুলনায় এবছর আর্থিক অবস্থার উন্নতি হতে দেখা যাবে। গত বছর যেমন সঞ্চয় হয়নি বললেই চলে, এবছর অর্থ সঞ্চয় হবে। আর্থিক চাপ থাকলেও অর্থ সমৃদ্ধিও থাকবে। কাছের লোকেদের সঙ্গে সম্পর্কেতিক্ততা আসতে পারে। এমনকি যাঁদের মধ্যে মনোমালিন্য ছিল, তাঁদের সঙ্গে তিক্ততা আরও বাড়তে পারে। অর্থাৎ খুব সাবধানে কাছের মানুষদের সঙ্গে মেলামেশা করতে হবে। সম্পত্তি নিয়ে কারও সঙ্গে অশান্তি হওয়ার যোগ দেখা যাচ্ছে। এমনকি সম্পত্তি হাত থেকে চলে যাওয়ার যোগও তৈরি হচ্ছে। এই ব্যাপারে বিশেষ সতর্কতা প্রয়োজন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বছরটা খুব একটা শুভ হবে না। ইচ্ছা না থাকলেও পড়াশোনার মাত্রা বাড়াতে হবে। তা না হলে সমস্যার সৃষ্টি হতে পারে। ধনু রাশির মানুষ, যাঁরা অনেক দিন ধরে মনের মানুষ খুঁজছেন, তাঁদের দীর্ঘ প্রতীক্ষার পর মনের মানুষ পাওয়ার যোগ প্রবল ভাবে রয়েছে। প্রেম ও বিবাহে সাফল্য আসতে চলেছে। ঈশ্বরের প্রতি ভক্তি বৃদ্ধি পাবে এবং খুব সতর্কতার সঙ্গে চলতে পারলে এই বছর মোটামুটি শুভ কাটবে।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : মকর রাশির জাতক-জাতিকারা ২০২০ সালে কিছু ভাল, কিছু মন্দ মিশ্রিত ফল পাবেন। তবে কিছু দিক থেকে খারাপ থাকবে। অর্থনৈতিক স্থিরতা থাকবে এ বছর মকর রাশির মানুষদের। অর্থের দিকে খুব একটা সমস্যা আসবে না, সঞ্চয় হবে বেশ খানিকটা। যদি বুঝে খরচ করা হয়, তা হলে আর্থিক দিক ভাল থাকবে। সব থেকে শুভ কাটবে বিবাহিত জীবন। যারা অনেক দিন ধরে সাংসারিক বা নিজেদের মধ্যে নানা সমস্যায় জর্জরিত ছিলেন, তাদের প্রায় সকল সমস্যা কেটে যাবে। প্রেমের দিক হবে মজবুত। নিজের পরিবারকে একসঙ্গে খুব ভাল ভাবে বা খুব শান্তিতে নিয়ে চলতে পারবেন। এ বছর কর্মের দিকটা খুবই ভাল থাকবে। যারা খুব বড় পদে কাজ করেন, তাদের জন্য বছরটা খুবই কার্যকর। বিদেশে যারা কর্মরত রয়েছেন, তাদেরও এ বছরটা শুভ। যারা দূরে কোথাও কাজে বা ভ্রমণে যাওয়ার আশা করছেন, তাদেরও সাফল্য আসবে। সম্পত্তিগত যদি কোনও সমস্যা থাকে, তা হলে এবছর মিটে যাওয়ার আশা রাখতে পারেন। মামলা সংক্রান্ত সমস্যাও মিটে যাবে এ বছর। যারা বহু দিন ধরে সন্তানের জন্য অপেক্ষা করে রয়েছেন, তাদের জন্যও এ বছর শুভ কিছু হতে পারে। নিজের সন্তানদের থেকেও ভাল কোনও খবর পেতে পারেন। বন্ধু যোগ শুভ। তবে অবশ্যই একটা বিষয় বিশেষ ভাবে খেয়াল রাখতে হবে যে, সাড়ে সাতি চলার দরুন সব কাজ খুব মনোযোগ দিয়ে করতে হবে। যে কোনও গুরুতর সিদ্ধান্ত নেওয়ার আগে ভাল ভাবে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : ২০২০ সালে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের খুব সাবধানে চলতে হবে। বিশেষ করে নিজের ও বাড়ির বড়দের অর্থাৎ গুরু জনদের নিয়ে। বাড়ির গুরু জনদের শরীর নিয়ে একটু চিন্তা বাড়তে পারে। শারীরিক সমস্যা তৈরি হলে খুব তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পা, হাত, কোমর, হাঁটু প্রভৃতি সমস্যায় ভোগান্তির আশঙ্কা রয়েছে। আর্থিক সমস্যা আসতে পারে কারণ ব্যয় হবে প্রচুর। সঞ্চয় খুব একটা হবে না। তাই বিশেষ খেয়াল রাখতে হবে সঞ্চয়ের দিকে। অতিরিক্ত খরচ হওয়ার জন্য অর্থ নিয়ে চিন্তা থাকবে। হারানো সম্পর্ক এবছর ফিরে পেতে পারেন। রক্তের সম্পর্ক ছাড়াও অন্যান্য সম্পর্কে যাঁদের সঙ্গে দীর্ঘ দিন ধরে অশান্তি রয়েছে, সে সব মিটে যাবে এই বছর। প্রাথমিক স্তরের পড়াশোনার জন্য ২০২০ সাল খুব একটা শুভ ফল দেবে না, কিন্তু উচ্চবিদ্যার ক্ষেত্রে বিশেষ শুভ সময়। মূলত যাঁরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা রিসার্চ করছেন তাঁদের জন্য খুব ভাল নতুন বছর। এই বছর কুম্ভ রাশির পারিবারিক অশান্তি বৃদ্ধি পেতে পারে। খুব সতর্ক হয়ে থাকতে হবে পরিবারের সকলের সঙ্গে। ধার দেনায় জর্জরিত হয়ে যেতে পারেন এই বছর। জীবনে প্রেম আসবে কিন্তু প্রেম বিবাহের রূপ নিতে এই বছর একটু জটিলতার সৃষ্টি করতে পারে। অর্থাৎ খুব বুঝে শুনে প্রেমের দিকে পা বাড়াতে হবে। সম্বন্ধ করে বিবাহের ক্ষেত্রে এ বছর খুব শুভ। বছরের মাঝামাঝি সময়ে ভাগ্য সঙ্গ দেবে প্রায় সব দিক থেকে। যদি ভাগ্যের সাহায্যে কিছু করতে চান, তা হলে এই সময়টা কাজে লাগানো যেতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : ২০২০ সাল মীন রাশির জাতক-জাতিকাদের জন্য দুর্দান্ত বছর বলে মনে করা হচ্ছে। এই নতুন বছর মীন রাশির জাতক প্রায় সব দিকেই সুখবর পাওয়ার আশা রাখতে পারেন। এ বছর মীন রাশির জাতক-জাতিকারা যে কোনও বিষয়ে তাঁদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন। এঁদের মেধা শক্তি থাকবে প্রবল। যাঁরা লেখাপড়ার সঙ্গে যুক্ত, তাঁদের জন্য বছরটা খুবই শুভ। ব্যবসায় উন্নতি যোগ থাকলেও বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এ ছাড়া ব্যবসায় স্থায়িত্ব বৃদ্ধি পাবে। যে কোনও ব্যবসায় এ বছর লাভবান হওয়ার আশা রাখা যেতে পারে। যাঁরা যৌথ ব্যবসা করেন, তাঁরা নিজের পার্টনারের থেকে ভাল সাহায্য পাবেন। এ ছাড়া ব্যবসায় প্রবল উন্নতি যোগ রয়েছে। অর্থ ও প্রতিপত্তি বৃদ্ধির যোগ রয়েছে। মীন রাশির জাতক-জাতিকারা এ বছর শ্বশুরবাড়ির মানুষদের কাছ থেকে প্রচুর সাহায্য পেতে পারেন। মীন রাশির মানুষদের বাড়িতে মাঙ্গলিক কোনও কাজ সম্পন্ন হতে পারে। মীন রাশির এ বছর ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। কর্মসূত্রে বাইরে ভ্রমণ হতে পারে। যে কোনও কর্মস্থানে যোগাযোগ করার জন্য এ বছরটা খুব শুভ। বিবাহের জন্য বছরটা মীন রাশির পক্ষে খুব ভাল। বিবাহ বা প্রেম প্রণয়ের ক্ষেত্রে এ বছর খুব শুভ বলে মনে করা হচ্ছে। বন্ধুর সংখ্যা যেমন বৃদ্ধি পাবে, একই সঙ্গে খুব ভাল মানুষের সান্নিধ্য মিলবে। ২০২০ সালে বিশেষ ভাল কিছু হতে পারে মীন রাশির মানুষদের। এ বছর মার্চ মাসের পর থেকে সব রকম চেষ্টায় সাফল্য আসতে চলেছে। এই বছরটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। সূত্র: আনন্দবাজার

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading