রাশিয়ার নতুন প্রধানমন্ত্রী মিশুস্তিন
উত্তরদক্ষিণ অনলাইন । ১৭ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮ঃ১০
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পছন্দে সায় জানিয়ে মিখাইল মিশুস্তিনকে নতুন প্রধানমন্ত্রী পদে অনুমোদন দিয়েছে রাশিয়ার পার্লামেন্ট। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার ৪২৪ সদস্যের মধ্যে ৩৮৩ জনই তাকে সমর্থন দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা- রয়টার্স। বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, মিশুস্তিনের বিপক্ষে কেউ ভোট দেয়নি। তবে ৪১ জন ভোটদানে বিরত ছিলেন।
বুধবার বার্ষিক ‘স্টেট অব দ্য ইউনিয়নের’ ভাষণে পুতিন গণভোটের মাধ্যমে সংবিধানে বড় ধরনের সংশোধনী আনার প্রস্তাব দেন। তার প্রস্তাবে প্রেসিডেন্টের অনেক ক্ষমতা পার্লামেন্টের কাছে হস্তান্তরের কথা বলা হয়েছে, জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। বর্তমান নিয়মে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সদস্যদের প্রেসিডেন্টই নিয়োগ দেন। পার্লামেন্টের নিম্নকক্ষ দুমা সে সিদ্ধান্ত অনুমোদন করে।
প্রস্তাবিত সংশোধনীর মধ্যে রাশিয়ায় আন্তর্জাতিক আইনের দাপট কমানো, প্রেসিডেন্টের দুই মেয়াদের নিয়ম সংশোধন করা, বিদেশি নাগরিকত্ব কিংবা বিদেশে বসবাসের অনুমতি থাকা ব্যক্তিদের প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে নিষিদ্ধের আইন সুসংহত করা কথাও বলেছেন রুশ প্রেসিডেন্ট। পুতিনের ভাষণের পরপরই প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদভ মন্ত্রিসভার সদস্যদের নিয়ে পদত্যাগ করেন। এর পর বৃহস্পতিবার দুমার অনুমোদনের পর রুশ প্রেসিডেন্ট এক ডিক্রিতে ৫৩ বছর বয়সী মিশুস্তিনকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন।
পুতিনের এ আচমকা সংবিধান সংশোধনের প্রস্তাব ও প্রধানমন্ত্রী পরিবর্তনকে ‘জানুয়ারি বিপ্লব’ হিসেবে অভিহিত করেছে রুশ দৈনিক কোমারসান্ত। পশ্চিমা পর্যবেক্ষকদের অনেকেই সাবেক কেজিবি গোয়েন্দার এ পদক্ষেপকে ‘আজীবন ক্ষমতায় থাকার’ উপায় হিসেবে দেখছেন।
নতুন প্রধানমন্ত্রী মিশুস্তিন এর আগে রাশিয়ার কর বিভাগের দায়িত্বে ছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর মন্ত্রিসভার নতুন সদস্যদের নাম দ্রুত ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

