সৌদিতে ঈদুল আজহা ৩১ জুলাই

সৌদিতে ঈদুল আজহা ৩১ জুলাই

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ জুলাই ২০২০ । আপডেট ১৪:১০

সৌদি আরবের সর্বোচ্চ আদালতের এক ঘোষণায় জানানো হয়েছে, আগামী ৩১ জুলাই (শুক্রবার) সেখানে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। সোমবার (২০ জুলাই) চাঁদ দেখা কমিটির এক বৈঠক শেষে জানানো হয়েছে, এদিন কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আরবি বর্ষপঞ্জির ১১তম মাস জিলকদের ৩০তম বা শেষ দিন আজ মঙ্গলবার (২১ জুলাই)। আর বুধবার (২২ জুলাই) থেকে শুরু গণনা শুরু হবে আরবি বছরের শেষ মাস অর্থাৎ পবিত্র জিলহজ। এই মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালন করা হয়ে থাকে। দেশটির সংবাদমাধ্যম আরব টাইমসের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আরবি চান্দ্র বর্ষপঞ্জির হিসাব অনুযায়ী, বছরের ১২তম ও শেষ মাস জিলহজ। প্রতিবছর এই মাসে সৌদি আরবের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পবিত্র হজ পালন করে থাকেন বিশ্বের লাখ লাখ ইসলাম ধর্মাবলম্বী। তবে করোনাভাইরাসের মহামারির কারণে এ বছর কেবল সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের ১০ হাজার মানুষ হজ পালনের সুযোগ পাচ্ছেন।

সোমবার সৌদি আরবের চাঁদ দেখা কমিটি জানিয়েছে, মঙ্গলবার সূর্যাস্তের পর দেশটিতে জিলহজ মাসের চাঁদ স্পষ্টভাবে দেখা যাবে। এর অর্থ হলো ২২ জুলাই (বুধবার) থেকে শুরু হবে এ বছরের হজের মাস। সেই হিসাবে এবারে ৩০ জুলাই (বৃহস্পতিবার) আরাফাত দিবস পালিত হবে। এদিন দেশটির মক্কা নগরীর আরাফাত ময়দানে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সমবেত হবেন হাজিরা। এর পরদিনই দেশটিতে ঈদুল আজহা তথা পশু কোবানি করা হবে।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপন বা কোরাবানি পালন করার একদিন পর বাংলাদেশে মুসলমানদের অন্যতম এ উৎসব পালিত হয়। চাঁদ দেখার ওপর নির্ভরশীল এই উৎসবের তারিখ নির্ধারণে মঙ্গলবার (২১ জুলাই) সভা করবে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি। চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশে এবার কবে ঈদুল আজহা তথা কোরবানি হবে- সেই সিদ্ধান্ত জানা যাবে চাঁদ দেখা কমিটির আজকের সভা থেকে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading