করোনায় মার্কিন প্রেসিডেন্টকে দেয়া ওষুধ বাংলাদেশের রোগীরাও পাচ্ছেন: স্বাস্থ্যমন্ত্রী

করোনায় মার্কিন প্রেসিডেন্টকে দেয়া ওষুধ বাংলাদেশের রোগীরাও পাচ্ছেন: স্বাস্থ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ | রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ | আপডেট: ০৯:৪৩

মার্কিন প্রেসিডেন্টকে (ডোনাল্ড ট্রাম্প) করোনাভাইরাসের যে ওষুধ দেয়া হয়েছে তা বাংলাদেশের রোগীদেরও দেয়া হচ্ছে এবং সবাই সেই ওষুধ পাচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ‘আমেরিকায় করোনাভাইরাসের জন্য যে ওষুধ ব্যবহার করা হয় আমাদের দেশে সে ওষুধের অভাব নেই।’

শনিবার (১৪ নভেম্বর) মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে আরটি পিসিআর ল্যাবের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন নিয়ে অক্সফোর্ডের সাথে আমাদের চুক্তি হয়েছে। বাজারজাত করার অনুমোদন পাওয়ার সাথে সাথে আমাদের দেশে করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে আসা হবে।’

দেশের সবাই পর্যায়ক্রমে ভ্যাকসিন পাবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বিএনপি শুধু ঘরে বসে সমালোচনা করে। তারা বলে স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো সেবা দিচ্ছে না। কিন্তু দেশের স্বাস্থ্যসেবা ভালো আছে বলেই অন্য দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি।’

একটি মৃত্যুও কাম্য নয় জানিয়ে মন্ত্রী বলেন, ‘উন্নত দেশে যেখানে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ লোক করোনায় মারা যাচ্ছেন সেখানে আমাদের দেশে এখন প্রতিদিন ১৫ থেকে ২০ জন মারা যাচ্ছেন।’

মন্ত্রী আরও বলেন, ‘করোনাভাইরাস সম্পর্কে অন্য দেশের মতো আমাদেরও তেমন ধারণা ছিল না। করোনা টেস্টের জন্য দেশে উন্নতমানের ল্যাব না থাকলেও কর্নেল মালেক মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাব উদ্বোধনের মধ্য দিয়ে দেশে এখন সরকারি-বেসরকারি মিলে ১১৫টি আরটি পিসিআর ল্যাব রয়েছে।’

সরকারের প্রতিটি জেলায় একটি করে আরটি পিসিআর ল্যাব ও মেডিকেল কলেজ করার চিন্তা ভাবনা রয়েছে বলে মন্ত্রী জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেশি হয়েছে সে দেশে অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছে। মানুষের বেকার সমস্যা, দরিদ্রতা ও সামাজিক অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। আমরা ওই অবস্থায় যেতে চাই না। অন্য দেশের তুলনায় আমরা অনেক ভালো।’ -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading