সেপ্টেম্বরের আগেই ভ্যাকসিন পাবে কানাডার মানুষ
উত্তরদক্ষিণ | শনিবার, ২৮ নভেম্বর, ২০২০ | আপডেট: ১০:২৯
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরের আগেই কানাডার বেশিরভাগ মানুষের হাতে করোনাভাইরাসের ভ্যাকসিন পৌঁছানোর জোর সম্ভাবনা রয়েছে। শুক্রবার অটোয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
গত কয়েক সপ্তাহে কানাডায় হু হু করে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। একারণে বেশ কিছু অঞ্চলে চলাফেরায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
ট্রুডো বলেন, দেশব্যাপী টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য তার সরকার সব প্রদেশ এবং অঞ্চলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
তিনি বলেন, কানাডা বড় পরিসরে টিকাদান কার্যক্রমের জন্য ভালোভাবেই প্রস্তুত। এটা হবে দেশের ইতিহাসে সবচেয়ে বড় টিকাদান অভিযান। সে যেখানেই থাকুক না কেন, আমাদের প্রত্যেকের কাছেই টিকা পৌঁছাতে হবে।
এসময় কানাডীয় সেনাবাহিনীর মেজর জেনারেল ড্যানি ফরটিনকে দেশব্যাপী করোনা ভ্যাকসিন বিতরণ কার্যক্রমের প্রধান হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী ট্রুডো। একসময় ইরাকে ন্যাটো বাহিনীর নেতৃত্ব দিয়েছেন এ সেনা কর্মকর্তা।
কানাডার শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা ডা. থেরেসা ট্যাম জানিয়েছেন, দেশটিতে দৈনিক সংক্রমণের অন্তত ৭৫ শতাংশই পাওয়া যাচ্ছে কুইবেক, ওন্টারিও এবং আলবার্তা প্রদেশে। এভাবে ব্যাপক হারে সংক্রমণ বৃদ্ধির কারণে দেশের চিকিৎসা ব্যবস্থা ও জরুরি সেবাগুলো চাপের মধ্যে রয়েছে বলে জানিয়েছেন তিনি।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, কানাডায় এপর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৩ লাখ ৫৯ হাজার ৬৪ জন। মারা গেছেন অন্তত ১১ হাজার ৮৯৪ জন।

