রাজধানীতে কাভার্ড ভ্যানে গাঁজা, গ্রেপ্তার ২
উত্তরদক্ষিণ | সোমবার, ০৪ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৯:২০
রাজধানীর কদমতলী এলাকায় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় গ্রেপ্তার করা হয়েছে চালকসহ দুইজনকে। রবিবার (৩ জানুয়ারি) মাতুয়াইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে গাঁজাসহ ওই কাভার্ডভ্যানটি আটক করা হয় বলে জানান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার।
গ্রেপ্তার দুজন হলেন- রুবেল সরকার (৩৫) এবং কাভার্ড ভ্যানের চালক সুমন মিয়া (২৪)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৪ জানুয়ারি) গোয়েন্দা কর্মকর্তা হাফিজ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘গোপন খবরের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগ ওই কাভার্ড ভ্যানে তল্লাশি করে। কাভার্ড ভ্যানের ভিতরে অভিনব কৌশলে একটি গোপন কুঠুরি তৈরি করেছিল তারা। গাড়ির ড্যাশবোর্ড থেকে বিশেষ একটি সুইচের মাধ্যমে ওই কুঠুরির হাইড্রোলিক দরজা খোলা বা লাগানো যেত। মাদক পরিবহনের জন্য গাড়ির ওই গোপন কুঠুরি ব্যবহার করা হত। গ্রেপ্তাররা ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক চোরাকারবারিদের মাধ্যমে ওই গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতে নিয়ে এসেছিল’

