মোস্তাফিজকেও আইপিএল খেলতে বাধা দেওয়া হবে না: আকরাম খান
উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৩:০০
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১৪তম আসরে সাকিব আল হাসানের সঙ্গে দল পাওয়া মোস্তাফিজুর রহমানও ছুটি চাইলে তাকে আটকানো হবে না বলে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমকে এক প্রশ্নের উত্তর আকরাম বলেন, ‘টেস্ট খেলতে চায় না এমন কোনও ক্রিকেটারকে বোর্ড আটকাবে না। সাকিব ছুটি চেয়ে পেয়েছে। মোস্তাফিজ ছুটি চাইলে তাকেও দেওয়া হবে।’
প্রসঙ্গত, দুই আসর পর আবার আইপিএলে ফিরছেন মোস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের পর এবার নতুন ঠিকানা রাজস্থান রয়্যালস। তার ভিত্তিমূল্য ছিল ভারতীয় এক কোটি রুপি। প্রথমেই বিড করে রাজস্থান এবং ভিত্তিমূল্যেই তাকে পেয়ে যায় দলটি।

