বিএনপি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সন্ত্রাসবাদী দল: হানিফ
উত্তরদক্ষিণ| শনিবার, ২৮ আগস্ট ২০২১| আপডেট ২১:০০
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, কেবল জাতীয়ভাবে নয়, বিএনপি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সন্ত্রাসবাদী দল।
শনিবার দুপুরে গড়াই নদীর ভাঙনে ক্ষতিগ্রস্থ শেখ রাসেল হরিপুর-কুষ্টিয়া সংযোগ সেতু বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মাহবুব-উল আলম হানিফ।
তিনি বলেন, কানাডার ফেডারেল কোর্ট এই দলটিকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করেছে। দলটির নেতা তারেক রহমান একজন সন্ত্রাসী ও খুনি। তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলার ষড়যন্ত্র হাওয়া ভবনে বসে হয়। তারেক রহমানের নেতৃত্বে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, খালেদা জিয়ার উপদেষ্টা হারিছ চৌধুরীসহ কিছু জঙ্গি নেতা গ্রেনেড হামলার পরিকল্পনা করে। এটা ছিল বিএনপির রাষ্ট্রীয় সন্ত্রাস।
মাহবুব উল আলম হানিফ বলেন, এই হামলার মাধ্যমে বিএনপি রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার মাধ্যমে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। এই গ্রেনেড হামলার সাথে শুধু তারেক রহমান জড়িত নয়। এর দায় খালেদা জিয়াও এড়াতে পারেন না। কারণ সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া।
এ সময় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ কা ম সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ও স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

