একদিনে করোনায় ২০ জনের মৃত্যু
উত্তরদক্ষিণ। শনিবার, ০৯ অক্টোবর ২০২১ । আপডেট ১৯:০০
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন ২০ জন। সাত মাসের মধ্যে গতকাল করোনায় মৃত্যু এক অঙ্কের ঘরে নামলেও গত ২৪ ঘণ্টায় সেটি বেড়েছে প্রায় তিনগুণ। একই সময়ে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে ৪১৫ জনের শরীরে। আগের দিন এই সংখ্যা ছিল ৬৪৫ জন। এদিন নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ছিল ২ দশমিক ৪৫ শতাংশ। এটিও আগের দিনের তুলনায় কিছুটা কমেছে।
শনিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণ-মৃত্যুর তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮২১টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৪৬টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৬টি ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬১৯টি।
এসব ল্যাবে পরীক্ষার জন্য সারাদেশের বিভিন্ন বুথ থেকে ১৬ হাজার ৭৫৫টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। আর আগের দিনেরসহ নমুনা পরীক্ষা করা হয় ১৬ হাজার ৯২৫টি নমুনা। এ নিয়ে এখন পর্যন্ত দেশে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ লাখ ৩১ হাজার ৮৪১টিতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭২ লাখ ৯৯ হাজার ১২৩টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ২৬ লাখ ৩২ হাজার ৭১৮টি।

