আসছে ডয়চে ভেলের সিরিজ ‘এশিয়ার নারীরা’

আসছে ডয়চে ভেলের সিরিজ ‘এশিয়ার নারীরা’

উত্তরদক্ষিণ । সোমবার, ৩ জানুয়ারি ২০২২ । আপডেট ১৬:৫৫

এশিয়ার নারীদের অনুপ্রেরণামূলক বাস্তব জীবনের গল্প নিয়ে জার্মান আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম ডয়চে ভেলে নির্মাণ করেছে নারীবিষয়ক সিরিজ ‘এশিয়ার নারীরা’। ছয় পর্বের এ সিরিজ দ্রুতই বঙ্গবিডিতে প্রচার হবে। ইংরেজিতে নির্মিত সিরিজটি বাংলাদেশি দর্শকদের জন্য বাংলায় অনুবাদ করা হয়েছে।

১৫ মিনিটের প্রতি পর্বে নারীবিষয়ক সিরিজটিতে ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান এবং তাইওয়ানের নারীরা নিজেদের জীবনের নানা দিক ও সমাজের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রতিটি পর্বে অনলাইন ডেটিং, সৌন্দর্য, কর্মজীবন, মানসিক স্বাস্থ্য এবং বিবাহসহ নানা সামাজিক ও সাংস্কৃতিক বিষয় কীভাবে এশিয়ার নারীরা মোকাবিলা করছেন, তা ফুটিয়ে তোলা হয়েছে।

এশিয়ায় ডয়চে ভেলের বিভিন্ন পার্টনার যেমন ভারতে স্ক্রল মিডিয়া, পাকিস্তানের ডন মিডিয়া গ্রুপ এবং মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার পিআইকে ফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিরিজটি ভূত ও স্টার্জপ্লেসহ ২০টি অনলাইন প্ল্যাটফর্মে পরিবেশিত হচ্ছে।

ডয়চে ভেলের এশিয়া শাখার বিতরণ ব্যবস্থাপক ম্যাক্সিমিলিয়ান পিকার্ট বলেন, ‘সামাজিক বৈচিত্র্য ও বহুমুখিতাকে উৎসাহিত করে এমন বিষয় নিয়ে আমরা কাজ করি। আমরা নারীর ক্ষমতায়ন, সাংস্কৃতিক বৈচিত্র্য, পরিবেশ-প্রযুক্তিসহ নানা বিষয় আমাদের সহযোগীদের মাধ্যমে বিভিন্ন দেশের দর্শকের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।’

ডয়চে ভেলের বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিতরণ প্রতিনিধি জয়া ওবেরয় বলেন, ‘নারীবিষয়ক সিরিজটির মাধ্যমে আমরা এশিয়ার সমাজের বিভিন্ন স্তরে নারীদের গল্প তুলে ধরেছি। এ সিরিজটি নারীদের মত প্রকাশের স্বাধীনতার বিষয়টিকে মেলে ধরেছে।’

বাংলাদেশে ডয়চে ভেলের বিতরণ প্রতিনিধি নাজিয়া আদনিন বলেন, ‘সিরিজটিতে এশিয়ার নারীদের অসাধারণ সব গল্প ফুটিয়ে তোলা হয়েছে। অনুপ্রেরণাদায়ক এ গল্পগুলো নারীদের জীবন-সংগ্রামের না বলা কথাগুলো পাঠকের সামনে মেলে ধরেছে। সিরিজটি বঙ্গবিডিতে প্রচার করতে পেরে আমরা আনন্দিত। কারণ, বঙ্গবিডিই হলো বিপুলসংখ্যক জনগোষ্ঠীর কাছে দ্রুত পৌঁছানোর সবচেয়ে উপযুক্ত মাধ্যম।’

ডয়চে ভেলে এশিয়ার নারীরা সিরিজের দ্বিতীয় সিজন এ বছরের শুরুতে প্রচার করার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে। দ্বিতীয় সিজনে এশিয়ার তিনটি দেশ থাইল্যান্ড, ফিলিপাইন এবং হংকংয়ের নারীদের গল্প বলার পরিকল্পনা রয়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading