লেবানিজ কোটিপতির সঙ্গে ট্রাম্পের ছোট মেয়ের বিয়ে
উত্তরদক্ষিণ । সোমবার, ১৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৯:১০
সাবেক আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট মেয়ে টিফানি ট্রাম্প বিয়ে করেছেন। ২৯ বছর বয়সী টিফানির সঙ্গে লেবানিজ আমেরিকান বিলিয়নিয়ার বিউ মাইকেল বুলোসের বিয়ে হয়। ফ্লোরিডার পাম বিচের মার-এ লাগো ক্লাবে তাদের বিয়ের আয়োজন করা হয়।
আমেরিকার স্থানীয় সময় শনিবার বিকেল ৫টায় বাবা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিয়ের সাজে দেখা যায় মেয়ে টিফানিকে। বিয়ের অনুষ্ঠানের টিফানি ও বরের একটি নাচের ভিডিও শেয়ার হয়েছে। খবর ডেইলি মেইলের।
এদিকে টুইটারে বোনের বিয়ের শুভেচ্ছা জানিয়ে ছবি শেয়ার করেছেন ট্রাম্পের বড় মেয়ে ইভানকা ট্রাম্প। সেখানে তিনি লিখেছেন, ‘টিফানি ট্রাম্প ও মাইকেলকে অভিনন্দন জানাচ্ছি। স্বামী-স্ত্রী হিসেবে তাদের নতুন জীবন শুরু হোক। তাদের ভালোবাসা এই পৃথিবীতে আলোর উৎস হয়ে উঠুক।’
ট্রাম্প হোয়াইট হাউস ছাড়ার আগে ২০২১ সালের জানুয়ারিতে মাইকেলের সঙ্গে বাগদান সেরেছিলেন টিফানি। ২০১৮ সালে গ্রিসের একটি দ্বীপে অবকাশ যাপনের সময় লেবাননের ধনকুবের দম্পতির সন্তান ২৫ বছর বয়সী মাইকেল বুলোসের সঙ্গে ট্রাম্পের মেয়ের পরিচয় হয়।
টিফানির মা অভিনেত্রী মার্লা ম্যাপলস। তিনি ট্রাম্পের সাবেক স্ত্রী। ট্রাম্প-মার্লার বিয়ে হয় ১৯৯৩ সালে। বিচ্ছেদ ১৯৯৯ সালে। বিয়ের অনুষ্ঠানে মার্লাও উপস্থিত ছিলেন।
ইউডি/এআই

