স্বস্তিকার রূপে মুগ্ধ নেটিজেনরা
উত্তরদক্ষিণ । বুধবার, ২১ জুন ২০২৩ । আপডেট ১৩:৩৫
সদ্য বোধহয় গোসল করে উঠেছিলেন। হালকা হাসি মুখে নিয়ে তাকিয়েছিলেন রোদের দিকে। শরীরের জমেছিল বিন্দু বিন্দু পানি। ঠিক এমন মুহূর্তেই ক্যামেরাবন্দি স্বস্তিকা মুখোপাধ্যায়। নিজেই ছবিটি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। ক্যাপশনে লিখেছেন, একটু আমি। একটুখানি আমার ঘর আর অনেক স্মৃতির জন্ম।
তাতেই যেন নিজের টুকরো টুকরো মুহূর্তের গল্প বলেছেন অভিনেত্রী। কোনো ছবিতে তিনি হয়েছেন অটোরিকশায় সওয়ার, কোনোটাতে ধরা পড়েছে বারান্দার ছোট্ট ছোট্ট গাছ। ব্যাগভর্তি পানীয়র ছবিও শেয়ার করেছেন তিনি।
ছবিগুলো সম্ভবত মুম্বাইয়ের। কিছুদিন আগে ‘শিবপুর’ ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি আরব সাগরের তীরেই রয়েছেন। ৩০ জুন সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি। ছবিতে ‘মাফিয়া ক্যুইন’ মন্দিরা বিশ্বাসের চরিত্রে দেখা যাবে তাকে। যদিও নিজের এই ছবির ট্রেলার শেয়ার করলেও কোনো প্রচার অনুষ্ঠানে যোগ দেবেন না বলেই জানিয়ে দিয়েছেন।
ছবির অন্যতম প্রযোজকের বিরুদ্ধেই যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন স্বস্তিকা। ভারতীয় সংবাদমাধ্যমে মেইল পাঠিয়ে জানিয়েছিলেন, ছবির অন্যতম প্রযোজক সন্দীপ সরকার ও তার সহযোগী রভীশ শর্মা তাকে এবং তার ম্যানেজারকে অত্যন্ত কুরুচিকর ভাষায় তাকে মেইল করেছেন। তার নগ্ন ছবি ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। এমনকি প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে। এমনই কয়েকটি মেইলের স্ক্রিনশটও দেওয়া হয়েছিল। পুলিশ ও ইম্পার কাছেও বিষয়টি জানিয়েছিলেন স্বস্তিকা।
এই ঘটনার পরই সংবাদ সম্মেলন করে ছবির আরেক প্রযোজক অজান্তা সিং রায় দাবি করেন, সব গণ্ডগোলের শুরু ছবির পরিচালক অরিন্দম ভট্টাচার্যর হাত ধরেই। স্বস্তিকার সঙ্গে পরিচালক অরিন্দম তাদের যোগাযোগ করতে দেননি। শুধু তাই নয়, বিগত এক বছর ধরে তার থেকে বিভিন্ন অজুহাতে টাকা নিয়েছেন। এমনকি, প্রযোজনা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন।
ইউডি/কেএস

