ফতুল্লায় অটোরিকশার শোরুমে বিস্ফোরণ, আহত ১৫
উত্তরদক্ষিণ । শনিবার, ২৯ জুলাই ২০২৩ । আপডেট ১৩:৩৫
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার শোরুমে বিস্ফোরণে ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় কাশীপুর ইউনিয়নের ভোলাইল এলাকায় ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে৷
আহতরা হলেন, ভবনের মালিক সিরাজুল হক, তার স্ত্রী রোকসানা বেগম, তাদের তিন ছেলে সুমন হক, মাসুদ ও রাসেল, মাসুদের অন্তঃসত্ত্বা স্ত্রী সুমাইয়া আক্তার, রাসেলের স্ত্রী দোলা আক্তার, সুমনের স্ত্রী বিথি আক্তার, ছেলে আবু সুফিয়ান, মেয়ে আরফা মনি, মাসুদের ছেলে আবু বকর সিদ্দিক, রাসেলের ছেলে আরফানও নির্মাণ শ্রমিক পল্টু।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের লোকজন জানান, বিকট শব্দে মুসকান মোটরস নামে অটোরিকশার শোরুমে বিস্ফোরণ ঘটে। এ সময় পাশের একটি টিনের সেমিপাকা ঘর ও একটি দোতলা ভবনের দেয়াল ও ছাদের অনেকটা ধসে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের অনেক ভবনের জানালার কাঁচ। এতে বেশ কয়েকজন দগ্ধসহ আহত হন।
সবাইকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়৷ পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
শোরুম ও নির্মাণাধীন ভবনের মালিক স্বপন হোসেন জানান, কীভাবে বিস্ফোরণ হয়েছে সে বিষয়ে তার কোনো ধারণা নেই৷
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (ডিএডি) ফখরউদ্দিন আহম্মাদ জানান, একটি নির্মাণাধীন পাঁচতলা ভবনের নিচতলায় ব্যাটারিচালিত অটোরিকশা বিক্রি করা হয়৷ প্রতিষ্ঠানটির ভেতরে অসংখ্য ব্যাটারি আছে৷ এসব ব্যাটারি থেকে বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷
ইউডি/কেএস

