ইরানে সম্ভাব্য হামলা-জাতীয় স্বার্থেই নেয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত: নেতানিয়াহু
শহীদ রানা। বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, আপডেট ১৬:০৫
ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের ব্যাপারে আমেরিকা যদি কোনো অভিমত বা পরামর্শ দেয়, তাহলে তা শুনলেও এ ইস্যুতে চ‚ড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসরায়েল বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি এক বিবৃতিতে ইরান ইস্যুতে ইসরায়েলের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, ইরান ইস্যুতে আমরা আমেরিকার মতামত শুনব, তবে এ ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত আমরাই নেবো এবং সেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে ইসরায়েলের জাতীয় স্বার্থের ওপর ভিত্তি করে। গত ৩ অক্টোবর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কাতারের রাজধানী দোহায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, ইসরায়েল যদি গাজা এবং লেবাননে অভিযান বন্ধ না করে, তাহলে অদূর ভবিষ্যতে ইসরায়েলে ফের হামলা চালানো হবে।
তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেন, ইসরায়েল তার নিজের ভৌগলিক অখণ্ডতা ও নিরাপত্তার স্বার্থে শিগগিরই ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেবে। নেতানিয়াহুর এই বক্তব্যের পরই ইরান-ইসরায়েল যুদ্ধ বাধার আশঙ্কা সৃষ্টি হয়। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন অবশ্য পরোক্ষভাবে ইরানে হামলা না চালানোর জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেছেন যে ইরানের তেলক্ষেত্রগুলোতে যেন হামলা না চালানো হয়। বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল যদি ইরানে হামলা চালায়, সেক্ষেত্রে শুধু দেশটির সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।
নেতানিয়াহু এখন কী করবেন?
ইসরায়েলের সহযোগীরা দেশটিকে গত সপ্তাহের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রেও ধৈর্য ধারণের আহবান জানিয়েছে। যদিও সব চাপ উপেক্ষা করে ইসরায়েল তার নিজের পথেই চলছে। ইসরায়েলের দীর্ঘসময়ের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০ বছরের বেশি সময়ের অভিজ্ঞতা থেকে শিখেছেন যে, উপেক্ষা না করলেও, কীভাবে আমেরিকার চাপ সামলানো যায়। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহু জানেন যে আমেরিকা বিশেষ করে তাদের বর্তমান নির্বাচনের বছরে তাকে তার পথ থেকে সরাতে চাপ দিবে না এবং তিনি বিশ্বাস করেন যে তিনি আমেরিকার শত্রæর বিরুদ্ধেও লড়ছেন। এটা মনে করা ঠিক হবে না যে নেতানিয়াহু ইসরায়েলের রাজনৈতিক মূলধারার বাইরে গিয়ে কাজ করছেন। সেজন্য হিজবুল্লাহর ওপর শক্ত আঘাত হানার চাপ বাড়তে পারে, এমনকি ইরানের বিরুদ্ধেও।
আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, হিজবুল্লাহ নয় হাজারের বেশি ক্ষেপণাস্ত্র, রকেট ও ড্রোন ছুড়েছে ইসরায়েলের শহরগুলো লক্ষ্য করে। তেল আবিবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরান সমর্থিত হুতিরাও বড় ধরণের হামলা চালিয়েছে। ইরানও গত ছয় মাসে দুবার হামলা করেছে। এসব হামলায় পাঁচশর বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইসরায়েল লেবাননে আগ্রাসন চালিয়েছে। এর কোনো একটিই হয়তো ওই অঞ্চলকে যুদ্ধের দিকে নিয়ে গেছে এবং সত্যি হলো ইসরায়েলের প্রধানমন্ত্রীও এসব বিষয়ে কোন ঝুঁকি না নিয়েই তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে মনে হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে রক্তাক্ত দিন এবং একটি রাজনৈতিক, সামরিক ও গোয়েন্দা ব্যর্থতার বিপর্যয়কর দিন। এ দুটি বিষয়ই ইসরায়েলকে চলমান যুদ্ধে জড়িত হতে সহায়তা করে।
ইসরায়েলে হামাসের হামলার মাত্রা ও ব্যাপকতা ইসরায়েলি সমাজ ও এর নিরাপত্তাবোধের ওপর প্রভাব ফেলেছে, যে কারণে এবারের যুদ্ধ সা¤প্রতিক সব সংঘাতের চেয়ে আলাদা। আমেরিকা প্রশাসন বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে ইসরায়েলকে। আবার প্যালেস্টাইনি বেসামরিক নাগরিকদের মৃত্যু ও গাজার দুর্ভোগ তাদের জন্য অস্বস্তির ও রাজনৈতিকভাবেও ক্ষতিকর। এপ্রিলে ইসরায়েলে ইরানের হামলার ঠেকাতে আমেরিকার বিমানও সক্রিয় ছিল। এটি একটি পরিষ্কার প্রমাণ যে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ে তার সবচেয়ে বড় সহযোগী কতটা ভূমিকা রাখে।
ইউডি/এজেএস

