ব্যাংকে ডাকাতির চেষ্টা: মামলা করল পুলিশ
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, আপডেট ১২:৪০
কেরানীগঞ্জের চুনকুটিয়ায় রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে পুলিশ বাদী হয়ে এ মামলা করে।
শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, আত্মসমর্পণ করা ডাকাত লিয়ন মোল্লা, আরাফাত ও সিফাতকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতে তুলে তাদের রিমান্ড যাওয়া হবে। তাদের বিরুদ্ধে দস্যুতার অভিযোগে মামলা করা হয়েছে। তিন আসামিকে সাত দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
বৃহ্স্পতিবার (১৯ ডিসেম্বর) কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতির চেষ্টা করে তিন কিশোর। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করার পর তাদের কাছে ১৮ লাখ নগদ টাকা এবং চারটি খেলনা পিস্তল ও দুটি দেশীয় ছুরি পাওয়া যায়। তারা হলেন- মো. লিয়ন মোল্লা নীরব, মো. আরাফাত ও সিফাত। তিনজনই কেরানীগঞ্জের বাসিন্দা।
ইউডি/কেএস

