বিশ্বে জ্বালানি তেলের দাম চার বছরের সর্বনিম্নে

বিশ্বে জ্বালানি তেলের দাম চার বছরের সর্বনিম্নে

উত্তরদক্ষিণ। সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, আপডেট ১৯:২৫

ডোনাল্ড ট্রাম্প আমেরিকার বাণিজ্য অংশীদারদের ওপর ব্যাপক শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়ায় আজ সোমবার তেলের দামে ধস নেমেছে। খবর সিএনএনের।

বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৩ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬৩ দশমিক ৩০ ডলারে লেনদেন হয়েছে। আমেরিকার মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলও ৩ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৫৯ দশমিক ৮৪ ডলারে নেমে এসেছে। দুটি তেলই এখন এমন এক দামে লেনদেন হচ্ছে যা ২০২১ সালের শুরু থেকে দেখা যায়নি। যখন বিশ্ব করোনাভাইরাস মহামারির সঙ্গে লড়াই করছিল তখন তেলের দাম কমেছিল।

তেলের এই দামপতনের পেছনে অন্যতম কারণ হলো, বিশ্বের শীর্ষ তেল উৎপাদকদের জোট ওপেক প্লাস গত সপ্তাহে বিনিয়োগকারীদের চমকে দিয়ে পূর্বঘোষিত পরিকল্পনার চেয়ে অনেক বড় পরিমাণে তেল সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সৌদি আরব, রাশিয়া এবং ওই জোটের আরও ছয়টি সদস্য দেশ মে মাস থেকে পূর্বঘোষিত তুলনায় অনেক বেশি তেল উৎপাদন বাড়াতে সম্মত হয়েছে।

এদিকে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধ এবং চীনের পাল্টা প্রতিক্রিয়ায় আরোপিত উচ্চ শুল্কের জেরে বৈশ্বিক শেয়ারবাজারে শুরু হওয়া ধস আরও গভীর হয়েছে। সোমবার এশিয়ার শেয়ারবাজারগুলোতে বড় ধরনের পতন হয়েছে। জাপানের বেঞ্চমার্ক নিকেই ২২৫ সূচক ৭ দশমিক ৯ শতাংশ কমেছে। আর বৃহত্তর টপিক্স সূচক পড়েছে ৭ দশমিক ৭ শতাংশ।

সোমবার দিনের শুরুতেই ইউরোপীয় শেয়ারবাজারগুলোতেও পতন লক্ষ্য করা যায়, তবে তা এশিয়ার তুলনায় কিছুটা কম। জার্মানির ডিএএক্স সূচক ৯ শতাংশ এবং লন্ডনের এফটিএসই ১০০ সূচক প্রায় ৫ শতাংশ কমেছে।

মার্কিন ও বৈশ্বিক শেয়ারবাজার যখন ধসে পড়ছে, তখন ট্রাম্প বলেন, তিনি চান না ‘কিছুই নিচে নেমে যাক’। তবে জোর দিয়ে বলেন ‘কখনো কখনো কিছু ঠিক করতে ওষুধ খেতেই হয়।’

অন্যদিকে ট্রাম্প নতুন করে ব্যাপক হারে শুল্ক আরোপের পর থেকে ৫০টিরও বেশি দেশ বাণিজ্য আলোচনা শুরু করার জন্য হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading