নির্বাচনি দায়িত্বে নিরপেক্ষতা বজায় রাখতে হবে: সিআইডি প্রধান

নির্বাচনি দায়িত্বে নিরপেক্ষতা বজায় রাখতে হবে: সিআইডি প্রধান

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার , ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২১:৫০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সিআইডির মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের নিরপেক্ষতা ও পেশাদারত্ব বজায় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সিআইডির সদর দফতরে আয়োজিত নির্বাচনি ব্রিফিং সভায় তিনি এমন মন্তব্য করেন।

সভায় সিআইডির জেলা পর্যায়ের সব ইউনিট অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে অংশগ্রহণ করে।

সিআইডি প্রধান বলেন, নির্বাচনি দায়িত্ব সিআইডিসহ সমগ্র বাংলাদেশ পুলিশের জন্য একটি পবিত্র আমানত। এই দায়িত্ব পালনে নিরপেক্ষতা, সততা ও পেশাদারত্ব অক্ষুণ্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব।

মাঠপর্যায়ে দায়িত্ব পালনের জন্য সিআইডির সব সদস্যকে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ইতোমধ্যে করণীয় ও বর্জনীয় বিষয়ে বিশেষ নির্বাচনি প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

পাশাপাশি নির্বাচনি এলাকাভিত্তিক স্থানীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন।

তিনি আরও বলেন, নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনের সময় বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

নির্বাচনি নিরপেক্ষতা রক্ষায় কঠোর নির্দেশনা দিয়ে সিআইডি প্রধান বলেন, দায়িত্ব পালনকালে কোনও পুলিশ সদস্য নিজের খাবারসহ ব্যক্তিগত প্রয়োজন নিজ দায়িত্বে বহন করবেন।

কারও কাছ থেকে কোনও ধরনের খাবার বা অনৈতিক সুবিধা গ্রহণ করা যাবে না। এছাড়া তিনি পুলিশ সদস্যদের স্মার্ট আউটলুক বজায় রাখা, পোশাকের মর্যাদা রক্ষা এবং সর্বোচ্চ ধৈর্য ও সংযমের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও স্পষ্ট নিষেধাজ্ঞা আরোপ করে তিনি বলেন, দায়িত্ব পালনরত কোনও পুলিশ সদস্য নির্বাচন সংক্রান্ত ছবি, পোস্ট, মন্তব্য বা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে পারবেন না।

একইসঙ্গে কোনও প্রার্থী বা রাজনৈতিক ব্যক্তির সঙ্গে ছবি তোলা, কিংবা তাদের কাছ থেকে কোনও সহযোগিতা গ্রহণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ।ব্রিফিং শেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনাদের নিষ্ঠা ও পেশাদারত্বের মাধ্যমে আমরা একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সক্ষম হবো। এটি আমাদের সবার জন্য গৌরবের বিষয় হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading