রেশনিং পদ্ধতি চালুর পরও দীর্ঘ অপেক্ষা, মিলছে না তেল
উত্তরদক্ষিণ। শনিবার, ১৪ মার্চ, ২০২৬, আপডেট ১৪:৪০
রেশনিং পদ্ধতি চালুর এক সপ্তাহ পেরিয়ে গেলেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। লম্বা সময় অপেক্ষার পরও, পর্যাপ্ত তেল ‘না পাওয়ার’ অভিযোগ চালকদের।
সকাল ৯টার দিকে দেখা যায়, বাইক নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকার কয়েক ঘণ্টায়ও মিলছে না কাঙ্ক্ষিত তেল। এক সপ্তাহের বেশি সময় ধরে জ্বালানি তেলের এই ভোগান্তি এখন চরমে পৌঁছেছে। অসহায় গাড়িচালকরাও।
তেল নিতে আসা সাধারণ মানুষ বলছেন, দীর্ঘ সময় অপেক্ষার পর তেল মিললেও, পরিমাণ যৎসামান্য। সংকটে বেশিরভাগ পাম্প বন্ধ। তাই খোলা থাকা অল্পকিছু ফিলিং স্টেশনে পড়েছে বাড়তি চাপ।
ফিলিং স্টেশনে অপেক্ষমাণ এক গ্রাহক বলেন, ‘অফিসে যাব, কিন্তু তেল নাই। এজন্য ২ ঘণ্টা ধরে অপেক্ষা করে আছি।’
অফিসগামী আরেক বাইক চালক বলেন, ‘আমাকে যেতে হবে এক জায়গায় অফিসের কাজে। বাইকে যদি ফুয়েল না থাকে, আমি মুভ করব কীভাবে। আবার মাথার মধ্যে সব সময় একটা প্রেশার থাকছে যে, কখন ফুয়েল শেষ হবে, কখন আবার ফুয়েল পাব।’
তেল কেনাবেচায় ‘রেশনিং পদ্ধতি’ নিয়েও অভিযোগ অনেকের। ফিলিং স্টেশনগুলোর বিরূপ আচরণে আরও বিপাকে গ্রাহকরা। কেউ দেখাচ্ছেন সরবরাহ সংকট। কারো কাছে পর্যাপ্ত তেল থাকলেও, সীমিত বিক্রির সিদ্ধান্ত তাদের।
জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে, গ্রাহক দুর্ভোগ কমাতে, দ্রুত কার্যকর উদ্যোগ নেয়ার দাবি গণমানুষের।
ইউডি/রেজা

