নেদারল্যান্ডসের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

নেদারল্যান্ডসের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

উত্তরদক্ষিণ অনলাইন । ২০ মার্চ ২০২০ । আপডেট ২০:৩০

বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া নভেলা করোনাভাইরাস মোকাবিলা করতে গিয়ে ‘ক্লান্ত’ নেদারল্যান্ডস সরকারের স্বাস্থ্যমন্ত্রী ব্রুনো ব্রুইনস পদত্যাগ করেছেন। পার্লামেন্টে কভিড-১৯ নিয়ে বিতর্কের মধ্যে অচেতন হয়ে পড়ার পরদিনই তিনি দায়িত্ব ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা- রয়টার্স। শুক্রবার (২০ মার্চ) বার্তাসংস্থাটি জানায়, ৫৬ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ পদত্যাগের পরে জানান, কয়েক সপ্তাহের টানা কাজের ক্লান্তির কারণেই তিনি বুধবার প্রশ্নোত্তর পর্বের মধ্যে অজ্ঞান হয়ে পড়েন।

নেদারল্যান্ডসের টেলিভিশনে প্রচারিত সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুটে জানান, ব্রুইনসের সেরে উঠতে কত সময় লাগবে তা নিয়ে অনিশ্চয়তার কারণেই স্বাস্থ্যমন্ত্রী পদ ছেড়ে দিয়েছেন। সংকটের প্রকৃতিই এমন, যা মোকাবিলায় পূর্ণদ্যমে কাজ করবে এমন একজন মন্ত্রী দরকার।

গত বুধবার সোশাল মিডিয়ায় দেওয়া এক বিবৃতিতে স্বাস্থমন্ত্রী ব্রুইনস অবশ্য ফের করোনাভাইরাস মোকাবিলায় সরকারি কাজে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, কয়েক সপ্তাহের টানা কাজ ও ক্লান্তির কারণে আমি অচেতন হয়ে পড়েছিলাম। এখন আমার অনেকটাই ভালো লাগছে। বাসায় গিয়ে আজ রাতে বিশ্রাম নেবো, যেন কাল থেকে ফের করোনা সংকট মোকাবিলায় নিজের সেরাটা দিতে পারি। এর পরের দিন বৃহস্পতিবার তার পদত্যাগের খবর দেয় নেদারল্যান্ডসের গণমাধ্যম। নতুন কাউকে দায়িত্ব দেয়ার আগ পর্যন্ত উপ-প্রধানমন্ত্রী উগো দে জঙ্গেই স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব সামলাবেন বলে দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ (আরআইভিএম) জানিয়েছে, নেদারল্যান্ডসে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৬০ জনে পৌঁছেছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭৬ জনের; মৃতদের প্রায় সবার বয়স ৬৩ থেকে ৯৫ এর মধ্যে। এরই মধ্যে ন্যাদারল্যান্স সরকার দেশটির স্কুল-কলেজ, রেস্তোরাঁ বন্ধসহ জনসমাগম হয় এমন স্থানগুলোর ওপর বিধিনিষেধের আরোপের সিদ্ধান্ত নিয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading