ক্যালিফোর্র্নিয়ায় ৪ কোটি মানুষ হোম কোয়ারেন্টাইনে!
উত্তরদক্ষিণ অনলাইন । ২০ মার্চ ২০২০ । আপডেট ২০:৩০
আমেরিকার সব চেয়ে ঘনবসতিপূর্ণ অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। পরিস্থিতি মোকাবিলায় সেখানে ৪ কোটি মানুষকে বাড়িতে অবস্থানের নির্দেশ দেয়া হয়েছে। যা হোম কোয়ারেন্টাইনের মতোই। ক্যালিফোর্নিয়ার গভর্নর বৃহস্পতিবার (১৯ মার্চ) এ নির্দেশ দেন বলে এএফপির খবরে বলা হয়েছে। এতে আরও বলা হয়, এ পর্যন্ত আমেরিকায় নেয়া সবচেয়ে কঠোর এই ব্যবস্থা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গোটা ক্যালিফোর্নিায় কার্যকর হচ্ছে বলে উল্লেখ করেছেন গভর্নর গ্যাভিন নিউসাম।
গভর্নর নিউসাম বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকলকে ঘরে থাকার এই নির্দেশ জারি থাকবে। জনস হপকিনস ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, আমেরিকায় সব চেয়ে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া। সেখানে বৃহস্পতিবার পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত শনাক্ত হয়েছে মোট ১ হাজার।
নিউসাম জানান, ঘরে থাকার এই নির্দেশ পুলিশের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। গ্রোসারির কেনা কাটার মতো অত্যাবশ্যকীয় কার্যাদির ক্ষেত্রে এ নির্দেশের ছাড় দেয়া হবে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে কেন্দ্রীয় সরকারের সহায়তা চেয়ে নিউসামের বুধবার প্রেরিত একপত্রে তিনি কোনো কোনো এলাকায় প্রতি চার দিনে মৃতের সংখ্যা দ্বিগুণ হচ্ছে বলে সতর্ক করেন। তিনি চিঠিতে উল্লেখ করেন, ক্যালিফোর্নিয়ার মোট জনসংখ্যার শতকরা ৫৬ ভাগ অর্থাৎ ২ কোটি ৫৫ লাখ মানুষ আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরের দিন বৃহস্পতিবার গভর্নর নিউসাম বলেন, এই সংখ্যা কমানোর লক্ষ্যেই বাড়িতে অবস্থানের নির্দেশ প্রদান করা হয়েছে।

