ইন্ডিয়ায় ২১ নৌ সদস্যসহ আক্রান্ত ১৪,৪২৫

ইন্ডিয়ায় ২১ নৌ সদস্যসহ আক্রান্ত ১৪,৪২৫

উত্তরদক্ষিণ ১৮ এপ্রিল ২০২০ । ১৪:৫০

প্রতিবেশী দেশ ইন্ডিয়ায় নৌবাহিনীর ২১ জন সদস্যসহ দেশটিতে মোট ১৪ হাজার ৪২৫ জনের দেহে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। মুম্বাইয়ের আইএনএস আঙ্গর ঘাঁটির নৌ সদস্যদের বেশিরভাগের শরীরেই কোনো উপসর্গ ছিল না। আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত ও তাদের দেহে কোভিড-১৯ শনাক্তের কার্যক্রম চলছে বলে জানিয়েছে এনডিটিভি। শুক্রবার এক বিবৃতিতে ইন্ডিয়ান নৌবাহিনী জানায়, আক্রান্তরা আইএনএস আঙ্গরের যে ব্লকে থাকতেন সেখানকার সবাইকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

আইএনএস আঙ্গরের কয়েকশ মিটার দূরের ডকইয়ার্ডেই ইন্ডিয়ান নৌবাহিনীর পশ্চিম কমাণ্ডের বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ও সাবমেরিন আছে। তবে এখন পর্যন্ত এ নৌযানগুলোর কোনো নাবিক বা কর্মকর্তার দেহে ভাইরাসটি পাওয়া যায়নি বলে জানিয়েছে নৌবাহিনী।

গত ৭ এপ্রিল মুম্বাইয়ে নৌবাহিনীর এক সদস্যের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়; তার সংস্পর্শে আসা সদস্যদের পরীক্ষা করেই নতুন আক্রান্তদের শনাক্ত করা হয় বলে এনডিটিভির খবরে বলা হয়েছে। নৌবাহিনীর হাসপাতাল আইএনএস অশ্বিনীতে আক্রান্তদের চিকিৎসা চলছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এছাড়া ইন্ডিয়ার সেনাবাহিনীর ৮ সদস্যের দেহেও প্রাণঘাতী এ ভাইরাসের উপস্থিতি মিলেছে। শনিবার (১৮ এপ্রিল) এ রিপোর্ট লেখা পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত ১৪ হাজার ৪২৫ জন আক্রান্ত বলে ওয়ার্ল্ডওমিটারে প্রকাশিত। এর মধ্যে মহারাষ্ট্রেরই ৩ হাজার ৩২৩ জন বলে জানিয়েছে এনডিটিভি। আক্রান্তের সংখ্যা বিবেচনায় রাজ্যটির রাজধানী মুম্বাই ইন্ডিয়ার শহরগুলোর মধ্যেও সবার উপরে। মহারাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ইন্ডিয়ার অন্য রাজ্যগুলোর চেয়ে অনেক বেশি। শনিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত পশ্চিমাঞ্চলীয় রাজ্যটিতে কোভিড-১৯ এ আক্রান্ত ২০১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর সবগুলো রাজ্যসহ দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৪৮৮ জনের।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading