করোনা টেস্ট জালিয়াতির মূল হোতা কে এই ডা. সাবরিনা?

করোনা টেস্ট জালিয়াতির মূল হোতা কে এই ডা. সাবরিনা?

উত্তরদক্ষিণ । রবিবার, ১২ জুলাই ২০২০ । ১৬:১০

করোনা মহামারিতে ভুয়া করোনা টেস্ট রিপোর্ট আর আর্থিক কেলেঙ্কারির মধ্য দিয়ে সামনে এসেছে সরকারি চিকিৎসক ডা. সাবরিনা চৌধুরী ও তার স্বামী আরিফ চৌধুরীর নাম। সরকারি চাকরি করেও জেকেজি হেলথ কেয়ার নামক বেসরকারি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতেন সাবরিনা। আর তার স্বামী প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করতেন। এই প্রতিষ্ঠানই করোনা পরীক্ষার নামে হাতিয়ে নিয়েছে কয়েক কোটি টাকা।

আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করে কোনো পরীক্ষা না করেই প্রতিষ্ঠানটি ১৫ হাজার ৪৬০ জনকে করোনার টেস্টের ভুয়া রিপোর্ট সরবরাহ করেছে। একটি ল্যাপটপ থেকে গুলশানে তাদের অফিসের ১৫ তলার ফ্লোর থেকে এই মনগড়া করোনা পরীক্ষার প্রতিবেদন তৈরি করে হাজার হাজার মানুষের মেইলে পাঠায় তারা। টেস্টের জন্য জনপ্রতি নেওয়া হয় সর্বনিম্ন পাঁচ হাজার টাকা। বিদেশি নাগরিকদের কাছে জনপ্রতি একশ’ ডলার। এ হিসাবে করোনার টেস্ট বাণিজ্য করে জেকেজি হাতিয়ে নিয়েছে সাত কোটি ৭০ লাখ টাকা।

অবশেষে গ্রেফতার হয়েছেন, সেই ডা. সাবরিনা। রোববার (১২ জুলাই) দুপুরে করোনাভাইরাসের ভুয়া নমুনা পরীক্ষার ঘটনায় ডা. সাবরিনাকে তেজগাঁও ডিসির কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নেয়া হয় বলে জানা গেছে।

কিন্তু সবার কাছে প্রশ্ন এখন একটাই, এই ডা. সাবরিনা কে? তার পরিচয় কী?

জানা গেছে, জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের রেজিস্টার। তার স্বামীর নাম আরিফ চৌধুরী। এই দম্পতির জীবনও রূপকথার মতো। আরিফের চতুর্থ স্ত্রী সাবরিনা। আরিফের এক স্ত্রী থাকেন রাশিয়ায়, অন্য একজন লন্ডনে। আর আরেকজনের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছে। তবে ছাড়াছাড়ির পরও সাবেক ওই স্ত্রী বিভিন্ন জায়গায় আরিফের জন্য দেনদরবার করে যাচ্ছেন।

This image has an empty alt attribute; its file name is আরিফুল-চৌধুরী-ও-তার-স্ত্রী-ডা.-সাবরিনা-আরিফ.png
আরিফুল চৌধুরী ও তার স্ত্রী ডা. সাবরিনা আরিফ চৌধুরী।

মূলত সাবরিনার হাত ধরেই করোনার স্যাম্পল কালেকশনের কাজটি ভাগিয়ে নেয় অনেকটা অখ্যাত জেকেজি নামে এই প্রতিষ্ঠান। প্রথমে তিতুমীর কলেজে মাঠে স্যাম্পল কালেকশন বুথ স্থাপনের অনুমতি মিললেও প্রভাব খাটিয়ে ঢাকার অন্য এলাকা আর অনেক জেলা থেকেও নমুনা সংগ্রহ করছিলেন তারা। স্বামী-স্ত্রী মিলে করোনা টেস্ট করলেও তাদের দাম্পত্য জীবন সুখের নয়। স্ত্রীর সঙ্গে অশালীন অবস্থায় দেখতে পেয়ে সোহরাওয়ার্দী হাসপাতালের এক চিকিৎসককে মারধর করেন আরিফ চৌধুরী। পরে এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় জিডি করেন ডা. সাবরিনা। এছাড়া জেকেজির এক কর্মীকে অশালীন প্রস্তাব দেওয়ার ঘটনায় গুলশান থানার আরিফ চৌধুরীর বিরুদ্ধে মামলা রয়েছে বলেও জানা যায়।

এর আগে গত ২৪ জুন জেকেজির গুলশান কার্যালয়ে অভিযান চালিয়ে আরিফসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাদের দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। দু’জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জেকেজির কার্যালয় থেকে ল্যাপটপসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জব্দ করে পুলিশ। এ ঘটনায় তেজগাঁও থানায় মোট চারটি মামলা দায়ের করা হয়। সন্দেহভাজন করোনা রোগীদের নমুনা সংগ্রহের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে চুক্তি ছিল জেকেজির। পরে ওই চুক্তি বাতিল করা হয়।

Md Enamul

2 thoughts on “করোনা টেস্ট জালিয়াতির মূল হোতা কে এই ডা. সাবরিনা?

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading