স্বাস্থ্য খাতে দুর্নীতির দায় সরকারের একার নয়: নতুন ডিজি
উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ জুলাই ২০২০ । আপডেট ১২:৩০
স্বাস্থ্য খাতে দুর্নীতির দায় সরকারের একার নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। শনিবার (২৫ জুলাই) সকালে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি।
খুরশীদ আলম বলেন, দুর্নীতির জন্য শুধু সরকারকে দায়ী না করে সবাইকে ব্যক্তিগতভাবে সৎ হতে হবে। আমরা যদি ব্যক্তিগতভাবে সৎ না হই, তাহলে কোনোভাবেই দুর্নীতি রোধ করা সম্ভব নয়। তিনি বলেন, দুর্নীতির কথা যদি বলেন, আমি বলব দুর্নীতির দায় আমাদের সবার। আমরা যদি শুধু সরকারের দিকে আঙুল তুলি, সেটা হবে সবচেয়ে বড় বোকামি। আমরা সবাই এই দুর্নীতির অংশ।
>>>> আরও পড়ুন : স্বাস্থ্য অধিদফতরের নতুন ডিজি কে এই ডা. খুরশীদ আলম?
স্বাস্থ্যখাতের বর্তমান পরিস্থিতিতে নতুন মহাপরিচালক সামনে কী চ্যালেঞ্জ দেখছেন- সাংবাদিকদের এমন প্রশ্নে নতুন ডিজি বলেন, সামনে অবশ্যই বড় চ্যালেঞ্জ, স্বাস্থ্যে এখন যে ব্যবস্থা, এই প্যানডেমিকের ক্ষেত্রে আমার যে সমস্যাগুলো ফেইস করছি, তা দূর করার চেষ্টা করব।
প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন, তা যেন ‘সম্মান ও ইজ্জত নিয়ে’ শেষ করতে পারেন, সেজন্য সবার দোয়াও চান অধ্যাপক খুরশীদ আলম।
করোনাভাইরাস মহামারীর মধ্যে নানা কেলেঙ্কারিতে সমালোচনার মুখে অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পদ ছাড়ার পর এই দায়িত্বে এসেছেন ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের চেয়ারম্যান ডা. খুরশীদ আলম।

