কিংবদন্তী সুরকার আলাউদ্দিন আলী লাইফ সাপোর্টে
উত্তরদক্ষিণ । শনিবার, ০৮ আগস্ট ২০২০ । আপডেট: ১৫:৪৫
শারীরিক অবস্থা খারাপ হওয়ায় রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) লাইফ সাপোর্টে রাখা হয়েছে দেশের কিংবদন্তী গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলীকে।
শনিবার (০৮ আগস্ট) ভোর পৌনে পাঁচটায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা খারাপ হলে কিছুক্ষণ পর তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আলাউদ্দিন আলীর ছেলে শওকত আলী রানা।
এ নিয়ে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, ভোরে আলাউদ্দিন আলীর স্ত্রী আমাদের ফোন করে জানান, উনার অবস্থা খারাপ। তখন আমরা অ্যাম্বুলেন্স পাঠিয়ে হাসপাতালে আনার ব্যবস্থা করি। আসার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে দেখা গেল অক্সিজেন মাত্রা খুব কম। তীব্র শ্বাসকষ্ট হচ্ছে। এমন অবস্থায় দ্রুত তাকে ভেন্টিলেটরে ব্যবস্থায় নেওয়া হয়। তবে এখনো রক্তচাপ, হৃৎস্পন্দন স্বাভাবিক না। ফুসফুসের একটা অংশ পুরোপুরি নিমোনিক। সব মিলিয়ে বলা যায়, উনার অবস্থা মোটেও ভালো না। আগামী ২৪ ঘণ্টা তাঁর জন্য খুব ঝুঁকিপূর্ণ।’
আলাউদ্দিন আলী বাংলা গান, বিশেষ করে বাংলা চলচ্চিত্রে অসংখ্য শ্রোতাপ্রিয় গান তৈরি করেছেন। তিনি একই সঙ্গে সুরকার, সংগীত পরিচালক, বেহালাবাদক ও গীতিকার। গান লিখে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। গুণী এই মানুষের জন্ম ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বাঁশবাড়ি গ্রামে। তাঁর বাবা ওস্তাদ জাদব আলী। মায়ের নাম জোহরা খাতুন।
সংগৃহীত ফাইল ছবি।

