মসজিদে বিস্ফোরণের ঘটনায় পুলিশের মামলা

মসজিদে বিস্ফোরণের ঘটনায় পুলিশের মামলা

উত্তরদক্ষিণ । রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০। আপডেট: ১৬:৩০

নারায়ণগঞ্জে মসিজদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ফতুল্লা থানার এসআই হুমায়ুন কবির শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে ‘অবহেলাজনিত কারণে মৃত্যুর’ অভিযোগে এনে মামলাটি দায়ের করেন। রবিবার (৬ সেপ্টেম্বর) থানার ওসি আসলাম হোসেন এ তথ্য সাংবাদিকদের জানান।

এর আগে গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণে অগ্নিদগ্ধ অর্ধশতাধিক মানুষ দ্বগ্ধ হন। তাদের মধ্যে এক শিশু ও মসজিদের ইমামসহ ২৪ জনের মৃত্যু হয়েছে। আরও ১৩ জন দগ্ধ অবস্থায় ঢাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন, তাদের অবস্থাও আশঙ্কাজনক।

বিস্ফোরণে মসজিদের ৬টি এসি পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বলা হচ্ছে, এতে মসজিদের জানালার কাচ বিস্ফোরণে উড়ে গেছে। ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট ও পাইপলাইনের লিকেজ থেকে গ্যাস জমে এই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। তবে নাশকতার বিষয়টিও উড়িয়ে দিচ্ছেন না সরকারের মন্ত্রী-এমপিরা।

এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা প্রশাসন, তিতাস গ্যাস, ডিপিডিসি, সিটি করপোরেশন পৃথক পাঁচটি তদন্ত কমিটি গঠন করেছে। ওসি আসলাম মামলার নথির বরাতে বলেন, ঘটনার সঙ্গে মসজিদ পরিচালনা কমিটি, তিতাস গ্যাস, বিদ্যুৎ ও ভবন নির্মাণের সঙ্গে যারা জড়িত, যাদের অবহেলায় আগুনের সূত্রপাত এবং হতাহতের ঘটনা ঘটেছে, তাদের বিরুদ্ধে এই মামলায় অভিযোগ আনা হয়েছে। তদন্তে যাদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পাওয়া যাবে তাদের এই মামলায় আসামি করা হবে।’ তথ্য সহায়তা বিডিনিউজ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading