ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেলেন নাগাল
উত্তরদক্ষিণ | সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৪০
২০২১ অস্ট্রেলিয়ান ওপেনে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেলেন ইন্ডিয়ার ‘সেকেন্ড বেস্ট’ টেনিস প্লেয়ার সুমিত নাগাল। পুরুষদের সিঙ্গলসে মূলপর্বের ড্র’য়ের জন্য ২৭ ডিসেম্বর ৭ জন প্লেয়ারের নাম ঘোষণা করা হয়েছে অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষের তরফ থেকে।
এশিয়া-প্যাসিফিক অঞ্চলে পুরুষ সিঙ্গলসে ওয়াইল্ড কার্ড এন্ট্রির জন্য একটি মাত্র স্থানই বরাদ্দ ছিল। ওয়াইল্ড কার্ডের সমস্ত মানদন্ডগুলিতে নির্বাচকদের আশ্বস্ত করে একমাত্র জায়গাটি ছিনিয়ে নিলেন গত দু’টি মরশুমে আমেরিকার ওপেনে জায়গা করে নেওয়া ইন্ডিয়ান টেনিস প্লেয়ার।
মহিলাদের সিঙ্গলসে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সেই স্থানটি আদায় করে নিয়েছেন চিনের ওয়াং জিয়ু।
বিশ্ব র্যাংকিংয়ে ১৩৬ নম্বর নাগালের জন্য ২০২০ খুব একটা মন্দ যায়নি। করোনা আবহে অনুষ্ঠিত আমেরিকা ওপেনে তার প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়টি এসেছিল ২০২০-এ।
মেলবোর্ন পার্কে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়ে খুশি ইন্ডিয়ার টেনিস প্লেয়ার সোশ্যাল মিডিয়ায় বার্তাও দিয়েছেন। নাগাল লিখেছেন, ‘২০২১ অস্ট্রেলিয়ান ওপেনের জন্য যারা আমায় নির্বাচিত করতে সাহায্য করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। কঠিন পরিস্থিতিতেও টুর্নামেন্টকে বাস্তব রূপ দেওয়ার জন্য টেনিস অস্ট্রেলিয়াকে ধন্যবাদ।’
নাগালের পাশাপাশি ২০২১ অস্ট্রেলিয়ান ওপেনে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেলেন গ্রেট ব্রিটেন তারকা অ্যান্ডি মারে। দু’বছর পর মেলবোর্ন পার্কে মারের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনের ডিরেক্টর ক্রেগ টিলে।

