দেশকে পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়ার জন্য দরকার সঠিক তথ্য : পরিকল্পনামন্ত্রী
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৯:৪৫
দেশকে পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়ার জন্য সঠিক তথ্য দরকার বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ‘ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রার (এনপিআর)’ শীর্ষক এক প্রকল্প নিয়ে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, এ প্রকল্পের মাধ্যমে সকল বাংলাদেশির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল তথ্যই সন্নিবেশিত থাকবে। এছাড়া বাংলাদেশে ছয় মাস বা এর চেয়ে বেশি সময় যারা অবস্থান করবেন, সেসব ব্যক্তির সকল তথ্যও সন্নিবেশ করে এই তথ্যভাণ্ডার তৈরি করা হবে।
প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়ন হলে ভবিষ্যতে অনেক জরিপের আর প্রয়োজন হবে না মন্তব্য করে মান্নান বলেন, এই তথ্যভাণ্ডার তৈরি হলে জনশুমারি, কৃষিশুমারি কিম্বা শ্রম জরিপসহ অনেক ধরনের জরিপ আর দরকার হবে না। তাই এই তথ্যভাণ্ডার তৈরি হলে তথ্য সংক্রান্ত সকল সমস্যার সমাধান হবে।
তথ্যভাণ্ডারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশে কত শিশু আছে, কত শিশু স্কুলে যায়, দারিদ্র্য সীমার নিচে কত পরিবার রয়েছে, সেই পরিবারের শিশুরা স্কুলে যেতে পারছে কি না, কত লোক দরিদ্র এবং কারা ভাতা পাচ্ছে- সকল ক্ষেত্রে সকল মানুষের হালনাগাদ তথ্য একটা দেশের সঠিক পরিকল্পনার জন্য দরকার হয়। কারণ সঠিক তথ্য ছাড়া যথাযথ পরিকল্পনা সম্ভব নয়। দেশের সকল ক্ষেত্রে সমান্তরালভাবে সঠিক তথ্যের সন্নিবেশ করে তথ্যের অভাব পূরণ করতে পারে বিবিএস।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কর্মকর্তাদের উদ্দেশে পরিকল্পনা মন্ত্রী বলেন, সরকার বিনিয়োগ করবে এবং আপনাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে। আমি ইতোমধ্যে এসব তথ্য সংগ্রহের জন্য সরকারপ্রধানের কাছে প্রস্তাব দিয়েছি। কিন্তু কাজটা সুচারুভাবে করতে হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতারণা বন্ধের পাশাপাশি অর্থপাচার রোধ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।
ইউডি/সুপ্ত

