করোনায় মৃত্যু দেড় লাখ ছাড়ালো
উত্তরদক্ষিণ ১৮ এপ্রিল ২০২০ । ১৩:৪০
জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ৮৭১ জন। আর ওয়ার্ল্ডওমিটার বলছে, এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৩৭১ জন। অর্থাৎ সব জরিপেই এখন বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে।
জন্স হপকিন্স ইউনিভার্সিটি এন্ড মেডিসিনের তথ্য অনুযায়ী, শনিবার (১৮ এপ্রিল) সকাল পর্যন্ত কোভিড-১৯ মৃত্যুর সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৮৭১ জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে আমেরিকায়, ৩১ হাজার ৪৫৬ জন। এরপরে ইতালিতে মারা গেছেন ২২ হাজার ৭৪৫ জন এবং স্পেনে ২০ হাজার দু’জন।
মৃত্যুর হার পর্যালোচনা করে দেখা যাচ্ছে, আক্রান্তদের মধ্যে ৬ দশমিক ৮ শতাংশের মৃত্যু হচ্ছে। বর্তমানে গড়ে প্রতিদিন মারা যাচ্ছে ৬ হাজারের বেশি মানুষ। মার্কিন বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বে কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন ২২ লাখ ৪০ হাজার ৭৬৮ জন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে আমেরিকায়, ৭ লাখ এক হাজার ১৩১ জন। এই বৈশ্বিক মহামারিতে আক্রান্ত হয়েছে ১৮৫টি দেশ ও অঞ্চল। খবর বিবিসির।
করোনাভাইরাসে মুত্যুর সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যাওয়ার মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেড় লাখের ঘর পেরোলো। আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছে ৫ লাখ ৬৮ হাজার ৩৮৮ জন। সবচেয়ে বেশি সুস্থ হয়েছে জার্মানিতে, এরপরেই রয়েছে চীন ও স্পেন।
করোনাভাইরাসের এখনো কোন নির্দিষ্ট ওষুধ বা টিকা নেই। রোগটির প্রকোপে উন্নত বা উন্নয়শীল, সব ধরণের দেশই বিপর্যস্ত হয়ে পড়েছে।

