বঙ্গবন্ধু’র আরেক খুনী রিসালদার (বরখাস্ত) মোসলেমউদ্দিন গ্রেপ্তার
উত্তরদক্ষিণ ২০ এপ্রিল ২০২০ । ১১:০২
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরেক পলাতক খুনি রিসালদার (বরখাস্ত) মোসলেম উদ্দিন খান ভারতে গ্রেপ্তার হয়েছেন। কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা এ খবর প্রকাশ করে জানিয়েছে, সম্প্রতি গ্রেপ্তার হয়ে ফাঁসি কার্যকর হওয়া মাজেদের মাধ্যমে এই খুনির সন্ধান পাওয়া যায়।
খুনি মোসলেমউদ্দিনের গ্রেপ্তারের বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ‘স্বীকার’ বা ‘অস্বীকার’ না করে বলেন, সরকার খোজ-খবর নিচ্ছে, নিশ্চিত হলে আনুষ্ঠানিক ভাবে জানানো হবে।
বিভিন্ন সূত্রে জানা যায়, সম্প্রতি ফাঁসি হওয়া ক্যাপ্টেন (বরখাস্ত) মাজেদের মাধ্যমে মোসলেমউদ্দিনের ঠিকানা ও অবস্থান নিশ্চিত হয়ে মোসলেম উদ্দিনকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ও ইন্ডিয়া সরকার ‘আনফিসিয়ালি’ কাজ করছে। উভয় দেশের সরকার ও গোয়েন্দা সংস্থা সমন্বিত ভাবে জড়িত। মাজেদের মত এক্ষেত্রেও ইন্ডিয়া আনুষ্ঠানিক ভাবে কিছু জানাবে না। সেক্ষেত্রে আইনগত জটিলতা বাড়বে ও মোসলেমউদ্দিনের হস্তান্তর বিলম্বিত হতে পারে। বাংলাদেশও দ্রুত হস্তান্তরের পক্ষে। বিষয়টি নিশ্চিত হয়ে বাংলাদেশের পক্ষে যে কোন মুহুর্তে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হবে।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট পরিবারের অধিকাংশ সদস্যসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে ফাঁসিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যে পাঁচ আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন, তাদের মধ্যে রিসালদার (বরখাস্ত) মোসলেম উদ্দিন একজন।
কয়েকদিন আগে (৭ এপ্রিল) আরও এক পলাতক আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদকে গ্রেপ্তার করা হয়। গত ১১ এপ্রিল মধ্যরাতে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসিতে মৃত্যুদন্ড কার্যকর করা হয়। খুনি মাজেদও পরিচয় গোপন করে ২০ বছরের বেশি সময় ধরে কলকাতায় পালিয়ে ছিলেন।
আনন্দবজারে প্রকাশিত ‘মুজিবের আর এক খুনিও কি এই বঙ্গে?’ শীর্ষক নিজস্ব সংবাদদাতা’র প্রতিবেদন এখানে তুলে ধরা হলোঃ

“আব্দুল মাজেদের মতো পরিচয় ভাঁড়িয়ে শেখ মুজিবের আর এক খুনিও দীর্ঘদিন পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়ে রয়েছে বলে দাবি বাংলাদেশের গোয়েন্দা সূত্রের। মাজেদকে জেরা করে বাংলাদেশের গোয়েন্দারা তার বিষয়ে জানতে পেরেছেন বলে ওই সূত্রের দাবি। ভারতের গোয়েন্দাদের সহযোগিতায় রিসেলদার (বরখাস্ত) মোসলেউদ্দিন নামে এই প্রাক্তন সেনা অফিসারকে উত্তর চব্বিশ পরগনায় তার ডেরা থেকে আটক করা গিয়েছে বলেও সূত্রের দাবি। আবার অন্য একটি সূত্রের খবর, মাজেদ আটক হওয়া মাত্রই নিজের মৃত্যু-সংবাদ ছড়িয়ে গা-ঢাকা দিয়েছে মোসলেউদ্দিন।

ভারতের গোয়েন্দাদের একটি সূত্রের অবশ্য দাবি, লকডাউনের সময় এ দেশ থেকে মোসলেউদ্দিনকে গ্রেফতার করে নিয়ে যাওয়ায় সমস্যা হতে পারে বলে ঢাকা বিষয়টি ভারতের গোয়েন্দাদের জানায়। ভারতীয় গোয়েন্দারা এই খুনিকে কার্যত তাড়িয়ে সীমান্তের কোনও একটি অরক্ষিত এলাকা দিয়ে বাংলাদেশের গোয়েন্দাদের হাতে তুলে দিয়েছেন। তবে সরকারি ভাবে কিছুই স্বীকার করা হয়নি। গোয়েন্দা সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার একটি আধাশহরে ইউনানি চিকিৎসক সেজে ভাড়া থাকছিল মোসলেউদ্দিন। সে-ও ফেরার হওয়া ফাঁসির আসামি। ১৯৭৫-এর ১৫ অগস্ট মুজিবের বাড়িতে হানা দেওয়া দলটির সামনের সারিতে ছিল মোসলেউদ্দিন। অনেকের দাবি, মোসলেউদ্দিনই গুলি করে হত্যা করেছিল মুজিবকে”।
বঙ্গবন্ধু’র খুনি মাজেদের ফাঁসি কার্যকর
জল্লাদ প্রস্তুত… পরিবার ও স্বজনদের ‘শেষ দেখা’ সম্পন্ন, বঙ্গবন্ধু’র খুনি মাজেদের ফাঁসি আজ রাতেই …
পরিবারের সঙ্গে ‘শেষ দেখা’, বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি যে কোন মুহুর্তে..
প্রাণভিক্ষার আবেদন নাকচ, ফাঁসি কার্যকরে আর বাধা নেই

